২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কিছু ‘অভ্যন্তরীণ বিষয়’ ভারতের জন্যও গুরুত্বপূর্ণ: শ্রিংলা

দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার দিকে ইংগিত করে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, কিছু ঘটনা বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ হলেও প্রতিবেশী দুদেশের জন্যই তা ‘গুরুত্বপূর্ণ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 01:32 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বুধবার রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ঢাকা সফররত ভার‌তের রাষ্ট্রপ‌তির বৈঠ‌কের পর এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন শ্রিংলা।

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে দুর্গাপূজার সময় সহিংসতার প্রসঙ্গ আসে।

এ বিষয়ে প্রশ্ন করলে শ্রিংলা বলেন, দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ ‘প্রায় সব বিষয়ই’ আলোচনায় এসেছে। তবে ‘কিছুমাত্রার গোপনীয়তার কারণে’ তিনি সব বিষয়ে বলতে পারছেন না।

”তবে অবশ্যই আলোচনায় এমন সব বিষয় অন্তর্ভুক্ত ছিল যা আমাদের উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের উভয় দেশের অবস্থানের সাথে যায়।”

শ্রিংলা বলেন, “এ কথা বলার অপেক্ষা রাখে না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা একই ধরনের অবস্থানে আছি এবং আমরা মনে করি, কিছু বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ।

”অনেক ক্ষেত্রে এসব বিষয় সন্তোষজনক মাত্রায় রয়েছে এবং আমরা বিশ্বাস করি, যেসব ব্যবস্থা নেওয়া হবে তা বাংলাদেশের স্বার্থে নেওয়া হবে এবং নেওয়া হবে আমাদের উভয় দেশের স্বার্থে।”

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রপতির বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন, দুর্গা পূজার সময় সহিংসতার বিষয়টিও আলোচনায় এসেছে।

“দুর্গাপুজার পর যে সমস্যা হয়েছিল, প্রধানমন্ত্রী বলেছেন যে, আমাদের দেশে সংখ্যালঘু হিসাবে কাউকে ট্রিট করা হয় না। সকলের সমান অধিকার দেওয়া হয়।”

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়।

এর জের ধরে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরোধী দলের সাথে ভারতীয় রাষ্ট্রপতির সাক্ষাত বা আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন ভারতের পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, “উচ্চ পর্যায়ের সফরের সময় ঐতিহ্যগতভাবে বিরোধী দলের সঙ্গে সাক্ষাত হয়। ২০১৩ সালে ভারতের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে বিরোধীদলের নেতাকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

“কিন্তু বাস্তবতা হল, সেই বৈঠকটি কোনো কারণে অনুষ্ঠিত হয়নি। এবারের রাষ্ট্রপতির সফরটি কিছুটা আনুষ্ঠানিক, আমরা বাংলাদেশের আমন্ত্রণে স্মরণানুষ্ঠানের জন্য এখানে।”

শ্রিংলা বলেন, ”এটি একটি তাৎপর্যপূর্ণ ও বিশেষ আয়োজন। এটা দ্বিপক্ষীয় কোনো সফর নয়, যেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করে। আমি মনে করি, এবার তেমন পর্যাপ্ত সময় নেই। আপনি যে ধরনের বৈঠকের কথা বলছেন, তার সম্ভাবনা আমরা দেখছি না।”

অন্যদের মধ্যে ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।