২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার ভবনে বিকট বিস্ফোরণ, ধসে পড়েছে দেয়াল

পুরান ঢাকার আলু বাজারে মধ্যরাতে বিকট বিস্ফোরণের পর ধসে পড়েছে একটি চারতলা ভবনের নিচতলার দেয়াল। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 08:53 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

সোমবার রাত দেড়টার পর ওসমান গনি রোডের ৩৪/১ নম্বর বাড়িতে ‘গ্যাসের লিকেজ থেকে’ এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বজলুর রশিদ জানান, বিস্ফোরণের পর ওই ভবনের নিচতলায় আগুন ধরে যায়। খবর পেয়ে তাদের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ঘটনাস্থল থেকে এক দম্পতি ও তাদের সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলছেন, গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে তারা বেরিয়ে আসেন। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের কয়েকটি ভবনের কাচ ভেঙে পড়ে।

পরে তারা দেখতে পান, সরু গলিতে ৩৪/১ নম্বর হোল্ডিংয়ের চারতলা ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়েছে। পিলারগুলোর রড বেরিয়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বজলুর রশিদ বলেন, “গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে নিচতলার দেয়াল ধসে পড়েছে।”

তিনি বলেন, ভবনের পিলার কনক্রিট দিয়ে তৈরি করার কথা থাকলেও ওই ভবনের পিলার তৈরি করা হয়েছে ইট দিয়ে।

“বিস্ফোরণের পর ইটগুলো খসে পড়ে পিলার গুলোর রড বেরিয়ে গেছে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।”