২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দেশনার পরও বন্ধ হয়নি কোচিং সেন্টার

এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে সব ধরনের কোচিং সেন্টার বন্ধের কড়া নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2021, 09:50 PM

Updated : 10 Oct 2022, 06:25 PM

রাজধানীর ফার্মগেইট, মিরপুর ও মহাখালী এলাকায় একাডেমিক, চাকরির প্রস্তুতি ও ভর্তি কোচিং সেন্টারগুলোতে ক্লাস চলছে আগের মতই।

কোভিড মহামারীর কারণে ২০২০ সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসতে পারেনি শিক্ষার্থীরা। তাদের মূল্যায়ন ফল দেওয়া হয়েছিল এসএসসি ও জেএসসির ফলাফলের গড় করে।

এবার আট মাস দেরিতে হলেও পরীক্ষা নিতে যাচ্ছে সরকার। আগামী ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এ পরীক্ষায় ‘প্রশ্ন ফাঁসের অপচেষ্টা বা গুজব রুখতে’ ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখতে বলেছিলেন শিক্ষামন্ত্রী।

এবার কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেছিলেন, এজন্য শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করবে।

তবে অধিকাংশ কোচিং সেন্টার কর্তৃপক্ষের দাবি, এই নির্দেশনা সম্পর্কে তারা জানেন না। নিজেদের কার্যক্রম চালাতে কোনো প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে না তাদের।

কোচিং সেন্টার চালু রাখার বিষয়ে তাদের যুক্তি, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন কোচিং বন্ধ থাকায় তাদের লোকসান হয়েছে। সামনে স্কুলের বার্ষিক পরীক্ষা থাকায় কোচিং খোলা রাখতে হচ্ছে। তাছাড়া চলতি মাসের বেতনের হিসাবও রয়েছে।

আগামীতে যানজট এড়িয়ে পরীক্ষার সময় নির্ধারণের ভাবনা  

ফার্মগেইটের ইন্দিরা রোডের বিসিএস কনফিডেন্স কোচিংয়ে বৃহস্পতিবারও অনেকের ভিড় দেখা যায়। সেখানে কোচিং করতে আসা শাহনেওয়াজ নামের একজন জানালেন, তাদের নিয়মিত ক্লাস হচ্ছে।

“আমরা তো ক্লাস করছি। কোচিং বন্ধ থাকার ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। আর এটা তো অ্যাকাডেমিক কোচিং না, তাহলে বন্ধ থাকবে কেন?”

এই কোচিং সেন্টারের ফ্রন্ট ডেস্কে থাকা শিউলি খান বললেন, বিসিএস, নন-ক্যাডার, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্লাস চলছে তাদের।

ফার্মগেইটে ইউনিএইড কোচিং সেন্টারেও বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেল বৃহস্পতিবার বিকালে।

ওই কোচিং সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং চলছে তাদের।

সরকারের নির্দেশনার পরও কোচিং সেন্টার বন্ধ না রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, “এমনিই নিজেদের কিছু কাজ করতে কোচিং খুলে রেখেছি।”

একই চিত্র দেখা গেছে মিরপুর ১২ নম্বর সেকশনের কোচিং সেন্টারগুলোতে। ওই এলাকার ডি ব্লকের পূর্বাশা একাডেমিক কোচিংয়ে বৃহস্পতিবার সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ক্লাস চলতে দেখা যায়। একজন শিক্ষার্থী বললো, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছে তারা।

পূর্বাশা একাডেমিক কোচিংয়ের পরিচালক ফরিদুল ইসলামের ভাষ্য, তিনি কোচিং সেন্টার বন্ধের নির্দেশনার ব্যাপারে কিছু জানেন না।

“সবাই তো খুলে রেখেছে, সবাই বন্ধ রাখলে আমরাও রাখব।”

মহামারীর কারণে দেড় বছর ধরে লোকসান দিয়ে কোচিং সেন্টার চালাতে হয়েছে দাবি করে তিনি বলেন, “ভাড়া ঠিকই প্রতি মাসে দিতে হয়েছে। কিন্তু আমরা স্টুডেন্ট পাইনি। স্কুল খোলার পর থেকে কিছু স্টুডেন্ট আসা শুরু করেছে।

“আবার এখন অনেকের ফাইনাল পরীক্ষা চলছে। এখন যদি কোচিং বন্ধ রাখি, তাহলে আমরা বেতনটা পাব কী করে? গার্ডিয়ানরা তো বেতন দেবে না। আমরা সরকারের নির্দেশনা অবশ্যই মেনে চলব। কিন্তু আমাদের বিষয়টাও তো দেখতে হবে।”

পাশের ই ব্লকের নবধারা কোচিং একাডেমিতে কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেলেও কোচিং খোলা রাখার বিষয়টি অস্বীকার করলেন এর পরিচালক আবু সাঈদ।

তিনি বলেন,  “আমি কোচিং সেন্টারের ভেতরেই থাকি। আমার সাথে দেখা করতে দুই-একজন এসেছে। কোচিং তো বন্ধই আছে।”

মিরপুর ১২ নম্বরের ঈদগাহ মাঠের আলোকিত একাডেমিক কোচিংয়ে নার্সারির ৮-১০ জন শিক্ষার্থী ও নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ক্লাস করতে দেখা যায়।

স্কুলে ভর্তির জন্য বাচ্চাদের পড়াচ্ছেন জানিয়ে  পরিচালক নাহিদ সুলতানা বলেন, “আমরা ছোটদের পড়াচ্ছি, এইচএসসির শিক্ষার্থীদের তো পড়াচ্ছি না।”

মহাখালী এলাকায়ও বেশ কয়েকটি কোচিং সেন্টার স্বাভাবিক কাযক্রম চালাচ্ছে। ওয়্যারলেস গেইটের ইউনাইটেড প্রাইভেট কোচিংয়ে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোচিং করানো হচ্ছে।

এর পরিচালক নুরুল ইসলাম মানিক বললেন, মহামারীতে দীর্ঘদিন কোচিং সেন্টার বন্ধ থাকায় এখন তারা ‘বাধ্য হচ্ছেন’ খোলা রাখতে।

“আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কোচিং না খুলে কোনো উপায় নেই। করোনার কারণে অনেক লস হয়ে গেছে। কিন্তু আমাদের ভাড়া ঠিকই দিতে হচ্ছে, টিচারদের বেতন দিতে হচ্ছে।

“এখন কোচিং বন্ধ করে দিলে আমরা আবার লসে পড়ে যাব। এখানকার বেশিরভাগ শিক্ষক এখনও স্টুডেন্ট। তাদেরও তো চলতে হয়।”

ওয়্যারলেস গেইটের আরেক কোচিং সেন্টার উন্মেষ একাডেমিক কেয়ারে গিয়ে দেখা যায়, কয়েকটি কক্ষে শিক্ষার্থীদের ক্লাস চলছে। বাইরে কয়েকজন অভিভাবকও আছেন।

ব্যবস্থাপনা পরিচালক রুমানা খুশি বললেন, “অনেক ছেলেমেয়ে তো যোগ-বিয়োগও ভুলে গেছে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফেরাতে, তাদের দিকনির্দেশনা দিতে আমরা কোচিং খুলে রেখেছি।”

মহাখালীর প্রক্সিমা সায়েন্স একাডেমিতেও কয়েকটি শ্রেণির ক্লাস নিতে দেখা গেছে। এ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা শিপন মাহমুদ বললেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা নিচ্ছেন তারা।

“আসলে পরীক্ষার কারণে খোলা রাখা। শুক্রবার থেকে বন্ধ থাকবে।”