২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে যানজট এড়িয়ে পরীক্ষার সময় নির্ধারণের ভাবনা

পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি দিতে আগামী বছর থেকে যানজটের সময় এড়িয়ে সূচি নির্ধারণের কথা ভাবা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 11:25 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

চলমান এসএসসি পরীক্ষায় যানজটের কারণে কিছু শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ার প্রসঙ্গ ধরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি জানাতে সচিবালয়ে এ সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রী।

তিনি বলেন, “আমাদের এখানে ট্রাফিকের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী যেটা পিক আওয়ার, আমার যেদিন সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী থাকে এবং একবেলা পরীক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়টাকে একটু সমন্বয় করবার, একটু এদিক-ওদিক করবার সুযোগ থাকে।

”আমরা সেই আলোচনাটাই করেছি। সেই সুযোগটি আমরা আগামী বছর, এই বছর সম্ভব হচ্ছে না, আগামী বছর আমরা ভাবব।”

এইচএসসি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে সভাতেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দীপু মনি।

করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে যাওয়া এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২ ডিসেম্বর থেকে, যাতে অংশ নেবে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী বলেন, “এবার যে পরীক্ষাটি হচ্ছে, তাতে আমরা পরিবর্তনটা আনতে পারছি না। তার কারণ এবার স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি রয়েছে।

বিলম্বিত এইচএসসিতে বসবে ১৪ লাখ শিক্ষার্থী  

”আমাদের সকালের যে পরীক্ষার্থীরা, তারা সবাই বেরিয়ে যাবেন, তারপরে মাঝখানে একটা বিরতি দিয়ে তারপরের পরীক্ষার্থীরা ঢুকবেন। সে কারণে আমাদের মাঝখানের গ্যাপটা প্রয়োজন।”

২৫ নভেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান দীপু মনি।

সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “যেহেতু আমরা দেখেছি যে, কখনো কখনো কোচিং সেন্টারগুলোকে ভিত্তি করে কিছুটা এই প্রশ্নপত্র ফাঁস করবার অপচেষ্টা কিংবা গুজব ছড়াবার একটা অপচেষ্টা হয়।

”কখনো কখনো দেখা যায় একটা যোগসূত্র থাকে। সে কারণে আমরা সকল ধরনের কোচিং সেন্টারকে এই সময়ে বন্ধ রাখবার জন্য নির্দেশনা দিয়েছি।”

আইন প্রয়োগকারী বাহিনীর সঙ্গে সভায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “কাজেই আমরা আশা করব, সংশ্লিষ্ট সকলে তাদের দায়িত্ব পালন করবেন। বিশেষ করে কোচিং সেন্টারগুলোর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই সময়ে তারা তাদের কোচিং সেন্টার বন্ধ রাখবেন।”

অতীতে এমন নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দীপু মনি বলেন, “অনেক সময় হয়, কোচিং সেন্টারগুলো নানান ধরনের কোচিং করায়। সেই বিবেচনায় কোথাও কোথাও হয়ত স্থানীয় পর্যায়ে মনে করা হয়, যে এটা বিদেশি পরীক্ষার কোচিং হচ্ছে কিংবা ইউনিভার্সিটি পরীক্ষার কোচিং হচ্ছে কিংবা বিসিএস পরীক্ষার কোচিং হচ্ছে বা আইইএলটিএস পরীক্ষার কোচিং হচ্ছে, সে কারণে কিছু ছাড় দেওয়া যায় কি-না।”

এবার কোনো ছাড় না দিয়ে সব ধরনের কোচিং সেন্টারের ক্ষেত্রে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

২০২২ সালের এইচএসসি পরীক্ষাও বিলম্বিত ও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের সেই সিলেবাসও তাদের দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও এই বছর বেশিরভাগ ক্লাস শ্রেণিকক্ষে করতে পারে নাই।

”সামনে যেটুকু সময় আছে, মার্চ-এপ্রিলে পরীক্ষা নেওয়ার সুযোগটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে। তবে কতটা পেছাবে সেটা এই মুহূর্তে বলাটা খুবই শক্ত।”