‘ছুটি’ পেলেন শহীদ, চির ছুটি
ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল শহীদ তালুকদারের, কিন্তু অন্য এক সহকর্মীর তখন বাড়ি যাওয়ার প্রয়োজন হওয়ায় সেই ছুটি নিতে পারেননি তিনি। থেকে গিয়েছিলেন জাহাজে, সেই জাহাজে এক বিস্ফোরণ জীবন থেকেই ছুটি দিয়ে দিল শহীদকে।
গত শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাগী জাহাজ সাগর নন্দিনীতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছিলেন শহীদ (৪০)। ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে চার দিন লড়ে মঙ্গলবার মারা যান তিনি।
হাসপাতালের পঞ্চম তলায় শহীদের স্ত্রী নীলুফার বেগমের আহাজারিতে বারবার ঘুরে ফিরে আসছিল স্বামীর ছুটির কথাটি।
তার কাছে জানা গেল, ১০ নভেম্বর ছুটিতে গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে ফেরার কথা ছিল শহীদের। কিন্তু সহকর্মীর বোনের বিয়ের কারণে তিনি ছুটি পাননি। স্ত্রী নিলুফারকে শহীদ বলে রেখেছিলেন, ওই সহকর্মী ফিরলেই তিনি বাড়ি ফিরবেন।
সেই শহীদের লাশ নিয়ে মঙ্গলবার রাতে বার্ন ইনস্টিটিউটে অপেক্ষা করছিলেন নীলুফার। আইনি প্রক্রিয়া শেষ হলেই তারা ফিরে যাবেন কাশিয়ানীতে।
শহীদের ভাতিজা রহিম তালুকদার বলেন, তার চাচা দীর্ঘদিন ধরে জাহাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তার তিন ছেলে-মেয়ে। শহীদই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
দরিদ্র পরিবারটি যেন যথাযথ ক্ষতিপূরণ পায়, সেই দাবি জানান রহিম।
যে জাহাজে শহীদ কাজ করতেন, সেই সাগর নন্দিনী-৩ অয়েল ট্যাংকারটি ঢাকার শেখ নেভিগেশন নামের একটি কোম্পানির মালিকানাধীন।
ওই কোম্পানির ব্যবস্থাপনায় দগ্ধ কর্মীদের ঢাকায় আনা হয়। মঙ্গলবার শহীদের পাশাপাশি আরও চারজন হাসপাতালে মারা যান।
তারা হলেন- মেহেদী হাসান (২৮), মো. পিরন (৪০), মো. রনি (২৭) এবং আশিকুর রহমান (২৫)।
সুগন্ধা নদীতে নোঙরে থাকা অবস্থায় অয়েল ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটেছিল। এতে জাহাজের সুকানি কামরুল ইসলাম সঙ্গে সঙ্গে মারা যান।
সাতজনকে আনা হয়েছিল ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে। তার মধ্যে ইমাম উদ্দিন ও রুবেল নামে দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মোট সাতজন ওই হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন বাকী পাঁচজন মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে মারা যান।
জাহাজটিতে নাবিকসহ মোট ১৩ জন কর্মী ছিলেন।
গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠী শহরের পৌর খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে নোঙ্গর করে রাখা অয়েল ট্যাংকার সাগর নন্দিনী-৩ জাহজটিতে বিস্ফোরণ ঘটে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহীদুল ইসলাম তখন বলেছিলেন, জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় বিস্ফোরণ ঘটে।
