তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের একদিনেই মৃত্যু
ঝালকাঠির সুগন্ধা নদীতে চার দিন আগে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিনেই মারা গেলেন।
গত শুক্রবার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জাহাজের সুকানি কামরুল ইসলাম মারা গিয়েছিলেন। এনিয়ে মোট ছয়জনের মৃত্যু হল।
দগ্ধ সাতজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে তাদের পাঁচজনের মৃত্যু হয়। তারা হলেন- শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. পিরন (৪০), মো. রনি (২৭) এবং আশিকুর রহমান (২৫)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মোট সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন বাকি পাঁচজন আজ ভোর থেকে সন্ধ্যার মধ্যে মারা যান।”
তগ্ধদের মধ্যে ইমাম উদ্দিন ও রুবেল নামে দুজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠী শহরের পৌর খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে নোঙ্গর করে রাখা অয়েল ট্যাংকার সাগর নন্দিনী-৩ জাহজটিতে বিস্ফোরণ ঘটে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহীদুল ইসলাম তখন বলেছিলেন, জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় বিস্ফোরণ ঘটে।
জাহাজটিতে নাবিকসহ মোট ১৩ জন কর্মী ছিলেন।
