২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈজ্ঞানিক কর্মকর্তাকে খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

ঢাকার শ্যামলীতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 12:10 AM

Updated : 02 Aug 2022, 06:35 PM

রোববার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় র‌্যাব বলেছে, “হত্যাকারী ও মূল পরিকল্পনাকারী  গ্রেপ্তার করা হয়েছে।”

বার্তায় কারও নাম উল্লেখ করা করা না হলেও র‌্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের একজনের নাম জাকির এবং অন্যজনের নাম সাইফুল। ঢাকার বাইরে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের পাঠানো বার্তায় জানানো হয়েছে, এ বিষয়ে সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলীর হলিলেন গলিতে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে হত্যা করা হয় ৭২ বছর বয়সী আনোয়ার শহীদকে।

Image
আনোয়ার শহীদ

আনোয়ার শহীদ

কোনো এক ব্যক্তির ফোন পেয়ে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। তা থেকে পুলিশের ধারণা, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।

নিহতের ছোট বোন ফেরদৌস সুলতানা শুক্রবার আদাবর থানায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

আনোয়ার শহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় ১৫ বছর চাকরি করেন। ১২ বছর আগে তিনি অবসরে যান।

গম গবেষণার সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খুন