২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গম গবেষণার সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খুন

রাজধানীতে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক এক কর্মকর্তাকে খুন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 05:09 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

নিহত আনোয়ার শহীদের বয়স ৭২ বছর। গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি অবসরে গিয়েছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর আদাবর থানা এলাকার হলিলেন গলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে ছুরি মারে।

স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন জানান।

আনোয়ার শহীদের বাসা দক্ষিণপুরে  রাজিয়া টাওয়ারে আর গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারের ছোট রাওতায়। কোনো এক ব্যক্তির ফোন পেয়ে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।

পরিদর্শক সেলিম বলেন, “আমরা ধারণা করছি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে ডেকে খুন করা হয়েছে।”

তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা হত্যাকারীকে চিহ্নিত করা যায়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে পুলিশ মাঠে কাজ করছে।

শ্যামলীর হানিফ পরিবহনের বাস কাউন্টারের পাশেই হলিলেন গলি। এই গলিটি রিং রোডের সঙ্গে মিরপুর (কল্যাণপুর) সড়ককে যুক্ত করেছে।

হলিলেন গলির একটি বাসার নিরাপত্তাকর্মী মো. বাদশা মিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৩ থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে ওই হত্যাকাণ্ড ঘটে। চেঁচামেচি শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন রিক্সা চালকেরা ভিড় করে আছে। রক্তাক্ত লোকটি রাস্তায় পড়ে আছে। রাস্তার উপরেই একটি ছুরি পড়ে ছিল।

“পরে ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি আমরা। এক লোক পকেট হাত ঢুকিয়ে তিন-চার মিনিট ধরে গলিতে ঘোরাঘুরি করছিল। শ্যামলী রিং রোডের দিক থেকে ওই বৃদ্ধ গলিতে ঢোকার পর লোকটি সামনের দিক থেকে এসে মুহূর্তের মধ্যে পকেট থেকে ছুরি বের করে তার পেটে আঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে ওই বৃদ্ধের ভুঁড়ি বেরিয়ে যায়।”

আনোয়ার শহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের দশ মাইল এলাকায় গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় ১৫ বছর চাকরি করেন।

তার ছোট বোন ফেরদৌস সুলতানা শুক্রবার আদাবর থানায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের ভাতিজা রিফাত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “এই হত্যাকাণ্ড পরিকল্পিত।”

তবে কারা কেন আনোয়ার শহীদকে হত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোন ধারণা দিতে পারেননি তিনি।

রিফাত বলেন, “প্রায় ১২ বছর আগে অবসরে গেছেন কাকা। গ্রামের বাড়িতে দাদার সম্পত্তি ছাড়া তার কোনো সম্পদও নেই যে আমরা সন্দেহ করতে পারি ওই সম্পত্তির জন্য এই খুন।

”আমরা কিছুই বুঝতে পারছি না, কেন তাকে খুন করল। আর কাকা যা আয় করেছেন, তা আমাদের পেছনে এবং সমাজ সেবায় ব্যয় করেছেন।”

চার ভাই চার বোনের মধ্যে চতুর্থ এবং ভাইদের মধ্যে সবার বড় ছিলেন আনোয়ার শহীদ। বাকি তিনভাই নীলফামারীতে থাকেন, দুই ভাই কলেজের শিক্ষক।

আনোয়ার শহীদের ভাগ্নি মুতমা ইন্না নাহিদ জানান, তার মামা ১৯৮২ সালে বিয়ে করলেও এক বছর পর ছাড়াছাড়ি হয়ে যায়।

রিফাত বলেন, তার কাকার মরদেহ দাফনের জন্য নীলফামারীতে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছেন তারা।