এসএসসি প্রশ্ন ফাঁসের ‘প্রলোভন’: গ্রেপ্তার ৩
চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রতারক চক্রের দুই গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা।
ইন্টারনেটভিত্তিক বিভিন্ন মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার কথা বলে গ্রেপ্তার ব্যক্তিরা অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপ্রতি ৫০০ থেকে দুই হাজার পর্যন্ত হাতিয়ে নিতেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- কারিমুল্লাহ, আল-রাফি টুটুল ও আব্দুল্লাহ আল মারুফ তপু।
কারিমুল্লাহ টঙ্গী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষ, টুটুল মোহনগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ও মারুফ হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ শনিবার রাজধানীর উত্তরা, গাজীপুরের পূবাইল ও নেত্রকোনার মোহনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, দুটি ফিচার ফোন, নগদ ১২ হাজার টাকা ও ছয়টি সিম উদ্ধার করা হয়েছে।
রোববার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তাররা মূলত অমনোযোগী শিক্ষার্থীদেরকে টার্গেট করে প্রশ্নপত্র ফাঁস করার নানা আকর্ষণীয় প্যাকেজের অফার দিত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারেনেটের বিভিন্ন মাধ্যমে। কিছু ছাত্র ও অভিভাবক পড়াশোনাতে মনোযোগ না দিয়ে এসব মাধ্যম থেকে প্রশ্নপত্র কেনার জন্য ব্রাউজ করতেন।
“ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ এসব প্রতারকের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রেখে সাইবার পেট্রলিং করে।“
ডিবি প্রধান বলেন, “প্রশ্ন ফাঁসের এ চক্রের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য পরীক্ষার্থী বা তাদের অভিভাবকদেরকে প্রাথমিকভাবে ৫০০ থেকে ৫ হাজার টাকা দিয়ে সদস্য হতে হত। এরপর প্রতিটি প্রশ্নের জন্য ৫০০ থেকে দুই হাজার টাকা হাতিয়ে নিত।
“এই চক্র বিভিন্ন পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে এই বলে সার্কুলেশন করত যে, ঢাকা থেকে বিভিন্ন জেলা এবং জেলা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন বহনকালে দায়িত্বশীলদের একজন কৌশলে একাধিক প্রশ্ন সরিয়ে রেখে ছবি তুলে পাঠিয়ে দেবে। সেই ছবি তারা মেসেঞ্জার, টেলিগ্রাফে ও জিমেইলে পাঠিয়ে দেবে।“
এমন প্রতিশ্রুতি দিয়ে চক্রটি নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হাফিজ আক্তার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মেসেঞ্জার ও ফেইসবুকে কোশ্চেন ব্যাংক, এসএসসি কোশ্চেন ২০২১, এইচএসসি কোশ্চেন ২০২১, কোশ্চেন লিক, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি- অল এক্সাম হেল্পিং জোন ও এসএসসি ২০২১ অল বোর্ড নামে বিভিন্ন পাবলিক গ্রুপ খুলে প্রশ্ন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করত।
প্রতারক চক্রগুলোর বিভিন্ন পেইজ ও গ্রুপের ফলোয়ারের সংখ্যা প্রায় ৪ হাজার ৭০০ জন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে আল রাফি টুটুল পাবজি খেলায় পটু এবং সাইবার সংক্রান্ত বিভিন্ন অপরাধ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে। তিনি ভুয়া প্রশ্নপত্র ফাঁসের জন্য আলমগীর হোসেন নামে একটি ফেক আইডি খোলেন।
“আইডিটি খোলার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট থেকে একটি টেম্পোরারি মেইল আইডি সংগ্রহ করেন। এ ভুয়া অ্যাকাউন্ট ও টেম্পোরারি মেইলটি দুই থেকে তিন দিন সক্রিয় থাকার পর অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়।“
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ‘ম্যানুয়ালি’ ও সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র ও অভিভাবকদের কেউ কোনো চক্রের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে এবং যারা প্রশ্নপত্র কেনার চেষ্টা করবে তাদেরকে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
