ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন
ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকারী এবং পেশাদার কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা হল ঢাকায় ভারতীয় হাই কমিশনের আয়োজনে।
বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে প্রায় দেড়শ সাবেক শিক্ষার্থী অংশ নেন।
ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং আইসিসিআরের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীতে হয়েছে এই প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন।
এসব প্রকল্পের অনেক প্রাক্তন শিক্ষার্থীই এখন বাংলাদেশে সরকার, প্রশাসন, শিক্ষা, বেসরকারি খাত এবং শিল্প ও সংস্কৃতিতে বিশিষ্ট পদে রয়েছেন৷
প্রাক্তন শিক্ষার্থীরা কীভাবে এই কোর্সগুলি তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করেছে, সেসব উল্লেখ করে ভারতের অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।
তারা বর্তমান সময়ের চাহিদা পূরণে বৃত্তি কর্মসূচিগুলি কীভাবে সুন্দরভাবে সাজানো যেতে পারে, সে বিষয়ে পরামর্শও দেন।
ভারত সরকারের বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা নতুন বৈশিষ্ট্যগুলিকেও এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হল সুবর্ণ জয়ন্তী বৃত্তি কর্মসূচি, যা বৃত্তির পরিধিকে আরও বিস্তৃত করেছে।
এই বছর বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত নতুন স্কিমটি ভারতের সেরা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্স করার জন্য মেধাবীদের ব্যাপক সুযোগ প্রদান করবে।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
