২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ভাড়া: পুলিশের অভিযানে ১৮টি বাসকে জরিমানা

ভাড়া বাড়িয়ে সরকারের নির্ধারণ করে দেওয়া তালিকার চেয়ে বাড়তি টাকা আদায় করায় রাজধানীর দুটি এলাকায় ১৮টি বাসকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 07:12 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

পুলিশের পক্ষ থেকে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও কলাবাগান এলাকায় এ অভিযান চালানো হয় করা হয়। এছাড়া বিআরটিএ আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সঞ্জীব দাশ ১০টি বাসকে ২৪ হাজার টাকা জরিমানা করেন।

কলাবাগান ট্রাফিক বক্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম রফিকুল হক। অতিরিক্ত ভাড়া নেওয়ায় তিনি ৮টি বাসকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোয় পরিবহন ধর্মঘটে তিন দিন বাস বন্ধ ছিল। সরকার দূরপাল্লার বাসে ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানোর পর সোমবার বাস চলাচল শুরু হয়।

রোববার বিকালে বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকের পর জানানো হয়েছিল, মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হচ্ছে।


মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫ পয়সা। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয় ওই বৈঠকে। পরে সে অনুযায়ী প্রজ্ঞাপনও জারি হয়।

তারপরও ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বাসে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

আরও পড়ুন-

বাসে বাড়তি ভাড়া: অভিযানে ভ্রাম্যমাণ আদালত  

বাস ভাড়া যা বেড়েছে নিচ্ছে তারও বেশি, চলছে তর্ক-হাতাহাতি  

বাস ভাড়া বাড়ল ২৭% 

‘বাসের ভাড়া বেড়েছে, আয় তো বাড়েনি’  

নির্ধারিত ভাড়ার বেশিই নিতেন বাস মালিকরা, এখন চান আরও বেশি