টঙ্গী ব্রিজে ফুটো, যান চলাচল ব্যাহত
রাজধানী সংলগ্ন টঙ্গী সেতুতে লোহার পাত দিয়ে ঢেকে রাখা পুরনো একটি ফুটো বেরিয়ে পড়ায় ঢাকামুখী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
এ কারণে বুধবার সকাল থেকে ময়মনসিংহ, গাজীপুরের দিক থেকে ঢাকায় আসতে অনেক সময় লাগছে, যানজটে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টঙ্গী ব্রিজের ওই জায়গায় আগে থেকেই ফুটোটা ছিল। এতদিন ফুটোর ওপর ধাতব পাত দিয়ে যানবাহন চলাচল করছিল।
সেতুর ওই অংশ দিয়ে কেবল টঙ্গী থেকে ঢাকা মহানগরমুখী গাড়ি চলে। ঢাকা থেকে টঙ্গীর দিকে আসা যানবাহনগুলো আরেকটি সেতু দিয়ে পার হয়।
বুধবার ভোর রাত ৩টার দিকে ধাতব পাতটি সরে গেলে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে সকাল ৯টার দিকে ফুটোটি আবার ঢেকে দিয়ে একটি লেইন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
কিন্তু যানবাহন চলাচল ব্যাহত হওয়ার কারণে সকাল থেকে গাজীপুর মহানগর এলাকায় ঢাকামুখী যানবাহনের প্রচণ্ড চাপ তৈরি হয়। যানজট তৈরি হাওয়ায় গাজীপুর থেকে কামারপাড়া হয়ে কিছু যানবাহন ঢাকার দিকে ঘুরিয়ে দেয় পুলিশ।
বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় ওই রাস্তায় এমনিতেই সব সময় যানজট লেগে থাকে। বুধবার সকাল থেকে সেতুর ফুটোর কারণে অবস্থা আরো নাজুক হয়ে পড়ে।
জেসমিন আরা শিমু নামের একজন বেসরকারি চাকরিজীবী জানান, ভোরবেলায় ময়মনসিংহ থেকে রওনা দিয়ে সাড়ে ৪ ঘণ্টাতেও তিনি ঢাকায় পৌঁছাতে পারেননি। পরে বাস থেকে নেমে অনেকখানি পথ হেঁটে টঙ্গী ব্রীজ পার হয়ে এপারে এসে আবার বাসে ওঠেন।
