সুন্দরবন গ্যাসের সাবেক ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সুন্দরবন গ্যাস কোম্পানির সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুশতাক আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।
মামলায় মুশতাক আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অর্থের মাধ্যমে দুই কোটি ১৩ লাখ ৭ হাজার ২৫৩ টাকার সম্পদ অর্জন এবং ৫৪ লাখ ৬০ হাজার ৬৬৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলায় দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়।
সুন্দরবন গ্যাসের সাবেক এ ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান করে সম্পদের হিসাব জমা দিতে ২০১৯ সালের ৩১ মার্চ নোটিস দেয় দুদক। এর প্রেক্ষিতে তিনি একই বছরের ২৬ মে কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন।
এ সম্পদ বিবরণী পর্যালোচনা করে দুদক জানায়, মুশতাক অবৈধ অর্থ দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায়, মিরপুরে ও উত্তরায় তিনটি ফ্ল্যাট কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে এ অর্থ বিনিয়োগ করেছেন।
সুন্দরবন গ্যাস কোম্পানির সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মুশতাক ঢাকার গুলশান এলাকায় বসবাস করেন।
আরও পড়ুন
