২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড টিকা উৎপাদন: ছয়-নয় থেকে ১ বছরে গেল সংসদীয় কমিটি

প্রথম ছয় মাস বললেও এখন এক বছরের মধ্যে দেশে সরকারিভাবে করোনাভাইরাসের টিকা বোতলজাত করার জন্য ব্যবস্থা নিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2021, 07:35 PM

Updated : 02 Aug 2022, 06:27 PM

Image
চীনের তৈরি সিনোফার্মের করোনাভাইরাস টিকার বেশ কিছু ব্যবহৃত ভায়াল। এই টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে।

চীনের তৈরি সিনোফার্মের করোনাভাইরাস টিকার বেশ কিছু ব্যবহৃত ভায়াল। এই টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে।

আর এ কাজে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

গত জুন মাসে সংসদীয় কমিটির বৈঠকে ছয় মাসের মধ্যে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানির মাধ্যমে দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনের সুপারিশ করেছিল সংসদীয় কমিটি।

অগাস্ট মাসে দুটি বৈঠক করে সংসদীয় কমিটি। ওই বৈঠকে ছয় থেকে নয় মাসের মধ্যে টিকা বোতলজাত করার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছিল।

বুধবার সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি আবারও আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসেনশিয়াল ড্রাগসের গোপালগঞ্জ শাখায় জমি আছে। সেখানে আমরা টিকা বোতলজাত করতে পারব। টিকা উৎপাদনের জন্য আমাদের আরও জায়গা লাগবে, সেই জায়গা আমরা অধিগ্রহণ করে নেব। এক বছরের মধ্যে টিকা বোতলজাত শুরু করার জন্য আমরা বলেছি।”

সময় বাড়ানোর কারণ সম্পর্কে জানতে চাইলে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম যখন সুপারিশ করি তার পরে কয়েকমাস চলে গেছে। এখানে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) করতে হবে। একজন পরামর্শক নিয়োগ দিতে হবে। কোন দেশ থেকে র মেটেরিয়াল আসবে সেসব ঠিক করতে হবে। যন্ত্রপাতি কোথা থেকে আসবে সেগুলো ঠিক করতে হবে। এগুলোর জন্য একটু সময় লাগবে। সেজন্য আমরা এক বছর বলেছি।”

এদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন, ব্যবহার, পরিবহন ও সাশ্রয়ী দিক বিবেচনায় প্রোটিন ভ্যাকসিন উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকার কাঁচামাল ও প্রযুক্তি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি ডায়াডিকের সঙ্গে এসেনশিয়াল ড্রাগস তিনবার ভিডিও কনফারেন্স করেছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য একটি খসড়া থৈরি করা হয়েছে। এছাড়া রাশিয়ার স্পুটনিক-ভি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত প্রোটিন ভ্যাকসিন তৈরির আলোচনা চলছে।

মন্ত্রণালয় আরও জানায়, টিকা উৎপাদনের লক্ষ্যে যন্ত্রপাতি উৎপাদন ও সরবরাহকারী বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে প্রাক্কলিত দর প্রস্তুত করা হয়েছে।

বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে স্বল্প সময়ের মধ্যে স্টিলের অবকাঠামো নির্মাণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদনের ইউনিট চালুর জন্য বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী স্টিলের অবকাঠামো তৈরি করা হবে।

এ বিষয়ে কমিটির সভাপতি শেখ সেলিম বলেন, “স্টিলের অবকাঠামো তৈরি করলে সময়ও কম লাগবে। সেজন্য সংসদীয় কমিটি ওই সুপারিশ করা হয়েছিলো।”

গত ১৭ অগাস্ট সংসদীয় কমিটি বৈঠকে আগামী ছয় মাসের মধ্যে দেশে সরকারিভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনের সুপারিশ করে।

শেখ সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন অংশ নেন।

করোনাভাইরাস: বাংলাদেশে টিকা উৎপাদনের সম্ভাবনা কতটা?

দেশে কোভিড টিকা উৎপাদনে পূর্ণ পরিকল্পনা চায় সংসদীয় কমিটি