জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরিফের সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর স্ত্রী মোসাম্মৎ মুনাওয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনাওয়ারা বেগমের মৃত্যু হয় বলে বাংলাদেশ ত্বরিকত ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কাজী মোরশেদ কাদেরী জানান।
মুনাওয়ারা বেগমের বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন। পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তিনি।
বৃহস্পতিবার আসরের পর ফটিকছড়িতে মাইজভাণ্ডার শরিফের মাঠে জানাজা শেষে দরবার শরিফের কবরস্থানে তাকে স্বামীর পাশে দাফন করা হয়।
