মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বিকালের এ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৪২)।
নিহতের মামা আবেদ আলী জানান, পূর্ব নাখালপাড়ায় ইসমাইলের বাসা। বাসার অদুরে রসুলবাগ রেল লাইন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময়ে ইসমাইল মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন আসছিল, তা তিনি খেয়াল করেননি।
“ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।“
স্বজনরা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, ইসমাইলের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী শিউলী আক্তার জানিয়েছেন, তিনি গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন। কোভিড মহামারীর কারণে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে বেকার ছিলেন।
তিনি বলেন, 'বিকালে মানুষটার সাথে মোবাইলে কথা কইলাম। আমারে কইলো বাসায় আসতে ঘণ্টা খানিক দেরি হবে। তখন আমি আসার সময়ে সবজি আনতে কইলাম। এর কিছুক্ষণ পরেই ফোন পাইলাম, উনি নাই।'
নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার কদমীরচর গ্রামের আজমত আলীর ছেলে।
তিন ভাই এক বোনের মধ্যে ইসমাঈল ছিলেন বড়। এক সন্তানের জনক ছিলেন।
