২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপিডিসির রমিজের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সাবেক নির্বাহী পরিচালক মো. রমিজ উদ্দীনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2021, 05:25 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

রোববার কমিশন সভায় এ অভিযোগপত্র আদালতে দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।

তিনি বলেন, “রমিজের বিরুদ্ধে তদন্তে এক কোটি ১৮ লাখ টাকার তথ্য গোপন এবং ছয় লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।"

২০১৯ সালের ৬ অক্টোবর রমিজ উদ্দিনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা দায়ের করে দুদক।

ডিপিডিসির রমিজের বিরুদ্ধে তিন কোটি টাকা দুর্নীতির মামলা  

ডিপিডিসির নির্বাহী পরিচালকের ‘ঢাকায় ৫ বাড়ি, গাজীপুরে ৩০ একর জমি’  

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন মামলার তদন্তের দায়িত্ব পান। সম্প্রতি তদন্ত শেষে কমিশনে তিনি প্রতিবেদন দাখিল করেন।

২০১৮ সালের শেষ দিকে রমিজ উদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ আসে। প্রাথমিক অনুসন্ধান শুরুর পর ২০১৯ সালের ৭ মার্চ রমিজ উদ্দিন ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদও করে দুদক।