ডিপিডিসির রমিজের বিরুদ্ধে তিন কোটি টাকা দুর্নীতির মামলা
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
ডিপিডিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকার
রোববার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
রমিজ উদ্দিনের বিরুদ্ধে মামলায় বলা হয়, তিনি কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ১৮ লাখ ৯২ হাজার ৪৯৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সাথে এক কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৮৮৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
মুদ্রাপাচারের অভিযোগের বিষয়ে বলা হয়েছে, রমিজ উদ্দিন দুর্নীতির মাধ্যমে অর্জিত দুই কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকা মূল্যের সম্পদ স্থানান্তর ও রূপান্তর করেছেন।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিল্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।
