ছাত্রদলের সাবেক সভাপতিকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি
ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ।
পুলিশের কাজে ‘বাধা দেওয়ার’ মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সোমবার পুলিশের করা রিমান্ড আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসী দুই দিন তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এ মামলার অপর আসামিরা হলেন-ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ওরফে সেতু, বরিশাল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুহুল মৃধা এবং আশরাফুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার এসআই মইনুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর এ চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
বিচারক সেদিন আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন রাখেন।
সেই শুনানির জন্য সোমবার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী জিয়া উদ্দিন জিয়াসহ কয়েকজন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিদের জেলগেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মঈদুল ইসলাম জানান।
গত ৮ সেপ্টেম্বর ধানমণ্ডি এলাকা থেকে রাজীব আহসানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ধানমণ্ডি মডেল থানায় মামলা করা হয়।
সেখানে বলা হয়, আসামিরা ‘সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার’ জন্য জড়ো হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা সন্তোষজনক জবাব না দিয়ে ‘উত্তেজিত’ হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ‘কাজে বাধা দেয়’। তাদের ‘আক্রমণে’ এক পুলিশ সদস্য আহত হন।
