পারিবারিক সহিংসতা বেড়েছে বলে আইনি সহায়তার পরিধি বাড়াতে জোর
পারিবারিক সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের পাশাপাশি ‘সরকারি আইনগত সহায়তা’র পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাই কোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
তিনি বলেছেন, “গত দেড় বছর ধরে করোনা মহামারীর কারণে সামাজিক অস্থিরতা বেড়েছে। মানুষের আয়-উপার্জন কমেছে। দরিদ্র্যতা কিছুটা হলেও বেড়েছে। এসব কারণেই কিন্তু দেখা যায় পারিবারিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের পাশাপাশি ‘সরকারি আইনগত সহায়তা’র পরিধি আরও বাড়ানো দরকার।”
‘নারী ও মেয়েদের প্রতি সহিংসতা মোকাবেলায় জেলা লিগ্যাল এইড কর্মকর্তাদের ভূমিকা’ নিয়ে এই ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি ইনায়েতুর রহিম।
তিনি বলেন, “এ কথা সত্য যে সমাজের অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিস্থিতির সঙ্গে অপরাধপ্রবণতা বাড়ে-কমে। একটি পত্রিকায় দেখেছি, কীভাবে ডিভোর্সের সংখ্যা বেড়েছে। পরিসংখ্যানে এসেছে যে ৭০ শতাংশ ডিভোর্স নারীরা দিয়েছেন। এর কারণ অনুসন্ধান করার প্রয়োজন আছে।”
ভবিষ্যতে সারা দেশের লিগ্যাল এইডের কাজ পরিচালনায় তথ্যপ্রযুক্তির প্রসার ঘটানোর উপর গুরুত্ব দেন তিনি।
বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, “ধর্ষণ ছাড়াও অন্যান্য অপরাধ, সহিংসতার শিকার ব্যক্তিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়। এই চিকিৎসার সাপোর্ট দেওয়া কিন্তু বিরাট লিগ্যাল এইড। এখানে আমাদের সীমাবদ্ধতা আছে বলে মনে হয়।
“এই সাপোর্টগুলো না দেওয়ার কারণে দেখা যায়, অনেক সময় সাক্ষ্য নষ্ট হয়ে যায় ও ভিকটিম নানাভাবে বিভ্রান্তিতে পড়ে। সুতরাং এই বিষয়গুলো ধীরে ধীরে লিগ্যাল এইডে এনে পর্যায়ক্রমে পরিধি বাড়াতে হবে।”
প্রতিবন্ধী ব্যক্তির আইনি সহায়তারা ক্ষেত্রে আইনি সহায়তায় প্যানেল আইনজীবীদের জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করারও তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির পরিচালক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিস থেকে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৬ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। ২ লাখ ৯৪ হাজার ৬৮৭ জনকে মামলায় সহায়তা করা হয়েছে। ৪৯ হাজার ৯২৭ জনকে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি সেবা দেওয়া হয়েছে। হটলাইনের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে ১৭ হাজার ৩২৮টি। মোট ৪ লাখ ৬৪ হাজার ৯৮ জনকে আইনি সহায়তা ও পরামর্শ দেওয়া হয়েছে।
