২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী নির্ধারণ নিবন্ধনের ক্রম অনুসারে: ধর্ম প্রতিমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত দুই বছর হজে যাওয়া ছিল বন্ধ। আগামী বছর যদি সৌদি আরব অনুমতি দেয়, তবে হজযাত্রী নির্ধারণ নিবন্ধনের ক্রম অনুসারে হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2021, 09:33 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

তিনি বলেছেন, “করোনাভাইরাস পরিস্থিতি উন্নত হলে এবং বাংলাদেশ হতে হজে গমনের অনুমতি পেলে ইতোপূর্বে যারা প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করেছেন, তারা ক্রম অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে ২০২২ সালে হজে গমন করতে পারবেন।”

হজ গমনেচ্ছু নিবন্ধিত ব্যক্তিদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বুধবার ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি একথা বলেন।

মহামারী শুরুর পর ২০২০ ও ২০২১ সালে সৌদি আরব বিদেশ থেকে কাউকে হজ করতে যাওয়ার সুযোগ দেয়নি।

তবে এই সময় বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য নিবন্ধন থেমে ছিল না। টাকা জমাও নেওয়া হয়।  

প্রতি বছর প্রায় এক লাখ বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পায়।

প্রতিমন্ত্রী বলেন, “কোন প্রাক-নিবন্ধন ও নিবন্ধনকারী ব্যক্তি জমাকৃত অর্থ উত্তোলন করতে চাইলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদনের করে সে অর্থ উত্তোলন করেত পারবেন।”

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ২০২০ সালে ৩ হাজার ৪৫৭ জন ব্যক্তি নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে ৭৫৭ জন ব্যক্তি তাদের নিবন্ধন বাতিল করে অর্থ ফেরত নেন এবং ২ হাজার ৭০০ জন বর্তমানে নিবন্ধিত রয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালে হজে যেতে ৬১ হাজার ১৪২ জন ব্যক্তি নিবন্ধন করেছিলেন।

তাদের মধ্যে ৭ হাজার ৭১৯ জন নিবন্ধন বাতিল করে অর্থ ফেরত নেন, ৫৩ হাজার ৪২৩ জন নিবন্ধিত রয়েছেন।

তিনি বলেন, গত বছরের ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চালু ছিল। এরপর আর নিবন্ধন করা হয়নি। তবে হজের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চালু রয়েছে।

বুধবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ব্যক্তির সংখ্যা ৫ হাজার ২২৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৭৪ হাজার ১৫৪ জন।

নিবন্ধিত হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়ে থাকলে ২০২২ সালে হজে গমনের ক্ষেত্রে তা নবায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

বাংলাদেশিরাও এখন ওমরাহ করতে সৌদি যেতে পারবেন