২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিরাও এখন ওমরাহ করতে সৌদি যেতে পারবেন

করোনাভাইরাসের মহামারীর কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সৌদি সরকারের অনুমতি পেয়ে আবারও বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 03:26 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইটে (www.hajj.gov.bd) এসব শর্ত প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আনোয়ার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার থেকেই ওমরাহ পালনের জন্য সৌদি আরবের দুয়ার খুলেছে। তবে আজ থেকেইতো কেউ ওমরাহ পালন করতে যেতে পারছেন না, প্রসেস করতে একটু সময় লাগবে।”

কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় দেড় বছর ওমরাহ পালনে বিদেশি কাউকে ভিসা দেয়নি সৌদি আরব। গত ৯ অগাস্ট থেকে পুরোপুরি টিকা নেওয়া প্রার্থীদের আবেদন ক্রমান্বয়ে গ্রহণ করার কথা জানায় দেশটি।

টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ উন্মুক্ত করছে সৌদি আরব  

এর ফলে এখন থেকে ওমরাহর জন্য ভিসার আবেদনকারীদের অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদও জমা দিতে হবে।

সৌদি আরবের প্রবেশ-নিষেধের তালিকায় যেসব দেশের নাম আছে, সেখান থেকে আসা টিকা নেওয়া ভ্রমণকারীদের সৌদিতে পৌঁছানোর পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও থাকতে হবে।

আনোয়ার হোসাইন বলেন, “যিনি ওমরাহ পালন করতে যাবেন, তাকে অবশ্যই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে এবং বয়স ১৮ বা এর বেশি হতে হবে।”

এর বাইরেও হজ ও ওমরাহ এজেন্সিগুলোর জন্য অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে বলে জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।