২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের আরও ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আরও চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2021, 06:45 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা নুরুল হুদা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের বিষয়ে কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার পাঁচজনকে তলব করা হয়েছিল, তাদের মধ্যে চারজন বক্তব্য দিয়েছেন।

তারা হলেন- তিতাস গ্যাসের কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব, ব্যবস্থাপক হাসিবুর রহমান এবং দুই উপব্যবস্থাপক আনিসুজ্জামান ও আবদুল মান্নান।

এছাড়া তিতাস গ্যাসের আরেক ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান আগেই তার সম্পদের হিসাব কমিশনে জমা দিয়েছেন জানিয়ে সচিব বলেন, “তার সম্পদ বিবরণী যাচাই-বাছাই এর কাজ চলমান আছে।”

এর আগে রোববার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা।

তারা হলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, জ্যেষ্ঠ সুপারভাইজার হারুন অর রশিদ এবং জ্যেষ্ঠ সুপারভাইজার ও সিবিএর সহসভাপতি জাকির হোসেন।

গত ২৩ অগাস্ট পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ তিতাস গ্যাসের ২০ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠায় দুদক। এতে ৫ থেকে ৮ সেপ্টেম্বর তাদের কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়।

পেট্রোবাংলার পরিচালকসহ তিতাসের ২০ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

তিতাসের ৩ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ  

তলব করা তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী হলেন- কোম্পানির সাবেক পরিচালক খান মইনুল মোস্তাক, জ্যেষ্ঠ বিক্রয় সহকারী ফারুক আহম্মেদ, সহকারী কর্মকর্তা দেলোয়ার মোর্শেদ, কম্পিউটার অপারেটর মিজানুর রহমান, কর্মী মহররম আলী, আবু সাঈদ, মো. মফিজ ও মো. মানিক মিয়া।

এর আগে তিতাস গ্যাসের আরও ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

তাদের মধ্যে কোম্পানিটির মহাব্যবস্থাপক মো. আব্দুল ওহাব ও মো. মইনুল ইসলাম, সিবিএ সাবেক সভাপতি কাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ অয়েজ উদ্দিন আহম্মেদ রয়েছেন।