২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোবাংলার পরিচালকসহ তিতাসের ২০ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার এক পরিচালকসহ তিতাস গ্যাসের ২০ কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2021, 07:24 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা নুরুল হুদা স্বাক্ষরিত পাঠানো চিঠিতে তাদেরকে ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বলেন, “এরইমধ্যে ১০ জন কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহ করা রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে।

“আরও ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে।”

জানতে চাইলে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নূরুল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তলবের বিষয়ে আমি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো চিঠি দুদক থেকে আসেনি, হয়তো প্রসেসিংয়ে আছে।”

তিতাসে দুর্নীতির ২২টি খাত দেখালো দুদক  

সাবেক কারা মহাপরিদর্শক ইফতেখারের ‘দুর্নীতির’ অনুসন্ধানে দুদক  

সরকারি সম্পত্তি দখল: মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক  

বিমা কর্তৃপক্ষের চেয়ারম্যানকে দুদকে তলব  

জিজ্ঞাসাবাদের জন্য তলব করা কর্মকর্তাদের মধ্যে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরী আছেন।

তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা হলেন- কোম্পানির সাবেক পরিচালক খান মইনুল মোস্তাক, কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব, ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান ও হাসিবুর রহমান, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আবদুল মান্নান, জ্যেষ্ঠ সুপারভাইজার হারুন অর রশিদ, সিবিএ সহ-সভাপতি জাকির হোসেন।

তলব করার তালিকায় থাকা অন্যরা হলেন- তিতাসের জ্যেষ্ঠ বিক্রয় সহকারী ফারুক আহম্মেদ ও ফয়েজ আহমেদ লিটন, সহকারী কর্মকর্তা দেলোয়ার মোর্শেদ, কম্পিউটার অপারেটর মিজানুর রহমান, কর্মী মহররম আলী, জাকির হোসেন, আবু সাঈদ, মো. মফিজ ও মো. মানিক মিয়া।

এর আগে তিতাস গ্যাসের আরও ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

তাদের মধ্যে কোম্পানিটির মহাব্যবস্থাপক মো. আব্দুল ওহাব ও মো. মইনুল ইসলাম, সিবিএ সাবেক সভাপতি কাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ অয়েজ উদ্দিন আহম্মেদ রয়েছেন।