২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে সমাহিত ক্যাপ্টেন আতাউল

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমকে সমাহিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2021, 12:06 AM

Updated : 02 Aug 2022, 06:18 PM

বৃহস্পতিবার তার মরদেহ দেশে আনার পর জানাজা শেষে বিকেল ৪টায় বনানী কবরস্থানে দাফন করা হয় বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ পর নাগপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ বৈমানিক। তার মরদেহ সকালে দেশে আনা হয়।

ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মরদেহ নিয়ে বিমানের ফ্লাইট সকাল ৯টা ১২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে সহকর্মীরা ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান তাকে। তার কফিনে ফুল দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও। পরিবারের কয়েকজন সদস্যও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

এরপর নওশাদের মরদেহ তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেলা ২টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন প্রাঙ্গণে আনা হয়। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোস্তফা কামাল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

কফিনবন্দি হয়ে ফিরলেন পাইলট নওশাদ  

এরপর ক্যাপ্টেন নওশাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমানের পরিচালকসহ সর্বস্তরের কর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।