২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাসের লাইনে ‘বিস্ফোরণ’ থেকে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাাঁড়িয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2021, 06:43 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় দগ্ধ ৩৫ বছর বয়সী রেনু বেগম বুধবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যে ভবনে আগুন লেগেছিল, তার পাশের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইয়ুব হোসেন জানান, রেনুর শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় গত পাঁচ দিনে মারা গেছেন ভবন মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫), বোন রিনা বেগম (৫০) এবং পথচারী সাজ্জাদ হোসেন সুমন (৪০)।

বার্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি রয়েছেন বাড়ির ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তার মেয়ে নওশীন (৫)। তাদের মধ্যে নাজনীনের শরীরের ২৭ শতাংশ ও শিশু নওশীনের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

গত ২৫ অগাস্ট রাত ১টার দিকে মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ওই চারতলা ভবনের নিচতলার চারটি কক্ষে গ্যাস সরবরাহ পাইপ থেকে আগুন লাগে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ভবনে দুই দিন ধরে গ্যাস ছিল না। পরে মেরামত করা হয়; কিন্তু গ্যাস সংযোগ পরীক্ষা করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আশপাশের লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যান।

মিরপুরের ভবনে গ্যাস লাইনে ‘বিস্ফোরণ’, আগুনে দগ্ধ ৭