অগাস্ট বিক্ষোভ: সংসদীয় কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাত্র নির্যাতনের ঘটনা তদন্ত করে সংসদীয় কমিটি যে প্রতিবেদন দিয়েছিল, তা সম্পূর্ণ প্রকাশের দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।
২০০৭ সালে ঘটে যাওয়া দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ‘কালো দিবস’ দিবস হিসেবে পালিত হয়। সেই ঘটনার বার্ষিকীতে সোমবার আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় অধ্যাপক সামাদ এই দাবি তোলেন।
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ২০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেনা ক্যাম্পের পাশে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সেনা সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বাধে।
সেনা সদস্যদের নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে ২৩ অগাস্ট ছাত্রদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। ওই রাতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক এবং আটজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনার প্রতিবাদে সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। এক পর্যায়ে ছাত্র-শিক্ষকদের ধারাবাহিক আন্দোলনের মুখে মুক্তি পান কারাবন্দি ছাত্র-শিক্ষকরা।
পরের বছর থেকেই ২৩ অগাস্টকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা।
২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ওই ঘটনার তদন্ত করে। ২০১২ সালে প্রকাশিত সেই তদন্ত প্রতিবেদনে ছাত্র-শিক্ষকদের নির্যাতনের জন্য ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তাদের দায়ী করা হয়।
অধ্যাপক মুহাম্মদ সামাদ।
রাজনৈতিক সঙ্কটে সেনা হস্তক্ষেপ আর না দেখার প্রত্যাশা প্রকাশ করেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দলের তৎকালীন আহ্বায়ক অধ্যাপক সামাদ।
তিনি বলেন, “কারা নির্যাযিতত হলেও আমরা এই আন্দোলনের মাধ্যমে একটা বিজয় পেয়েছি। এই বিজয়ে আমরা ব্যক্তিগতভাবে কতটা লাভবান হয়েছি, সেটা বড় কথা নয়। বাংলার মানুষ গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার পেয়েছে।”
সভায় কারা নির্যাতিত শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটলেও তা কিন্তু মোটেই তুচ্ছ নয়। সেনাবাহিনীর এ আচরণের পিছনে সুদূরপ্রসারী একটি লক্ষ্য ছিল। তাদের ইচ্ছা ছিলো একটি দীর্ঘ সেনা শাসন আমাদের উপর চাপিয়ে দেওয়া৷ আর এই চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথম বাধা মনে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে।”
সেই সময় ছাত্রনেতাদের সুদূরপ্রসারী ও চৌকস নেতৃত্বের কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেন অধ্যাপক আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “কেন কালো দিবস পালন করেছি আমরা? ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনা ক্ষুদ্র ইস্যু, মূল ইস্যু গণতন্ত্রহীনতা ও বিরাজনীতিকরণের বিরুদ্ধে প্রতিবাদ।”
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া, চৌধুরী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, নীল দলের সাবেক আহবায়ক অধ্যাপক নাজমা শাহীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে এম গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, কারা নির্যাতিত তৎকালীন ছাত্রনেতা মানবেন্দ্র দেব, শামসুল কবির রাহাত, রফিকুল ইসলাম সুজন সভায় বক্তব্য দেন।
