Published : 21 Aug 2021, 01:29 PM
শনিবার ঢাকায় এনে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন দুপুর একটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে এই মাত্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে উনার শারীরিক অবস্থা জানাতে পারব।”
এর আগে সকালে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকায় রওনা হয় বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক জানিয়েছেন।
তিনি বলেন, হাসান আজিজুল হককে সকাল ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী বিমানবন্দরে নেওয়া হয়। পরে তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। তিনি ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেবেন।
গত ১৬ অগাস্ট হাসান আজিজুল হকের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান ফেইসবুক পোস্টে তার বাবার অসুস্থতার কথা জানান।
মঙ্গলবার রাতে ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, “বাবার বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আগে থেকেই হার্টের সমস্যা, ডায়াবেটিস রয়েছে। বর্তমানে তিনি হাইপোনাট্রেমিয়ায় অর্থাৎ শরীরে লবণের ঘাটতিতে বেশি ভুগছেন। তিনি একেবারে নিস্তেজ হয়ে গেছেন। চিন্তাশক্তিও কমে গেছে। খুব বেশি কথা বলতে পারছেন না। কাউকে সেভাবে চিনছেনও না।”
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।
১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সালে অবসরে যান।