২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেয়েছেন ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পাসপোর্ট জমা রাখার শর্তে চার মামলায় জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2021, 03:15 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়।

আদালতে জয় গোপালের পক্ষে আইনজীবী ছিলেন মো. কামরুল ইসলাম, আবদুর রহমান হাওলাদার ও মুনমুন নাহার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান ও শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, “হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। ইতিমধ্যে আমি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে  এ বিষয়ে নোট দিয়েছি।”

আদালত সময় বেঁধে না দিলেও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে বলে জানান এ আইন কর্মকর্তা।  

আইনজীবী খুরশিদ আলম খান বলেন, “যেহেতু তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন, সেহেতু ধরে নিতে হবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। যদি সে জামিনের অপব্যবহার করে তবে তার জামিন বাতিল হবে।”

ক্যাসিনোকাণ্ডে জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ১৬৪ জবানবন্দিতে জয় গোপালের নাম উঠে আসার পর গত বছর ১৪ জুলাই ঢাকার লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

পরদিন এনু ও রুপনের বিরুদ্ধে করা অর্থপাচারের চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জয় গোপালকে আদালতে তোলা হলে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।

এরপর নিম্ন আদালত হয়ে হাই কোর্টে জামিন আবেদন করলে হাই কোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করে। সে রুল যথাযথ ঘোষণা করে অর্থাৎ জামিন দিয়ে রায় দিল হাই কোর্ট। 

গত বছর ২২ জুলাই এসব মামলায় অভিযোগপত্র দাখিল করে সিআইডি। অভিযোগ গঠনের পর মামলাগুলো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

পুরনো খবর:

ওয়ান্ডারার্সের জয় গোপাল কারাগারে
ক্যাসিনোকাণ্ড: ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক গ্রেপ্তার