২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 10:38 AM

Updated : 07 Apr 2022, 11:30 PM

নিহত দুইজনের বয়স আনুমানিক ২৮ ও ৩০ বছর।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে না পারলেও র‌্যাব বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য ছিলেন।

র‌্যাব জানিয়েছে, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় ডাকাতিদলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

পরে আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “ভোরে র‌্যাব-১০ এর একটি টহল দল ঝিলমিল এলাকা দিয়ে যাচ্ছিল।

“এসময় টহলদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তল্লাশি করে ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”

ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশি অস্ত্র পাওয়া যায় বলে জানান মঈন।