পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা: আতিক
কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসির ৯টি পশুর হাটের ‘মনিটরিং টিমের’ সঙ্গে এক আলোচনা সভায় আতিকুল ইসলাম এ কথা বলেন।
করোনাভাইরাস মহামারীতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করে কোরবানির পশুর হাট বসানোর জন্য গত ১৪ জুলাই বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার।
মেয়র আতিক জানান, ডিএনসিসির প্রতিটি হাটেই ২০০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক থাকবে। তাদের পর্যাপ্ত মাস্ক দেওয়া হয়েছে। ইজারাদারদের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, “পশুর হাটগুলোতে সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখতে হবে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
“নিজের পরিবারসহ দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সকলকেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।”
সারাদেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত লকডাউনের পর ঈদুল আজহা উদযাপন ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে নয়দিনের জন্য তা তুলে নেওয়া হয়।
তবে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকা এই সময়ে জনগণকে সব অবস্থায় সতর্ক থাকতে, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি ‘কঠোরভাবে’ অনুসরণ করতে বলেছে সরকার।
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে আসন্ন কোরবানির ঈদের পর বিধিনিষেধ আরও কঠোর হবে বলেও শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।
ডিএনসিসির আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং ‘শক্তি ফাউন্ডেশনের’ ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।
কোরবানির হাটের সমন্বয়ের জন্য ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এতে ডিএনসিসির ১৩ জন কাউন্সিলর এবং ২ জন ‘ভেটেরিনারি’ কর্মকর্তাও রয়েছেন।
