২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য প্রবাহে বাধা কাদের স্বার্থে: টিআইবি

গণমাধ্যম কর্মীদের কাছে রোগী ও স্বাস্থ্য সেবা বিষয়ক তথ্য না দিতে ঢাকার সিভিল সার্জনের নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 12:12 AM

Updated : 02 Aug 2022, 06:04 PM

শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এমন নির্দেশনা দেওয়ার কারণ যাচাই করে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সামষ্টিকভাবে মহামারী নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা না চালিয়ে কাদের স্বার্থে এই ধরনের বিধিনিষেধ আরোপ করা হলো তা খতিয়ে দেখতে হবে।”

তিনি বলেন, “কোভিড-১৯ মহামারী ভয়াবহ রূপ ধারণ করেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। এমন সময় ঢাকা জেলার সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও রোগীর সেবা বিষয়ক তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশে বিধিনিষেধ মুক্ত গণমাধ্যম ও অবাধ তথ্য প্রবাহের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।

“একইসাথে, তা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক এবং গণমাধ্যমের অবাধ তথ্য সংগ্রহ ও প্রচারে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদানের শামিল।”

দেশে কোভিড মহামারীর শুরুতেও রাষ্ট্রীয়ভাবে এ ধরনের বিধিনিষেধ আরোপের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

পরে ব্যাপক প্রতিবাদের মুখে তা বাতিল করতে হয়েছে উল্লেখ করে ড.ইফতেখারুজ্জামান বলেন, “মহামারী নিয়ন্ত্রণে চলমান লকডাউনে এমনিতেই সাধারণের জন্য তথ্যপ্রাপ্তির সুযোগ সংকুচিত, সেখানে গণমাধ্যমকে তথ্য না দেওয়ার এমন নির্দেশ মানুষকে স্বাস্থ্যসেবার হালনাগাদ তথ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

“তেমনি মাঠ পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা ও সীমাবদ্ধতার সত্যিকারের চিত্র পাওয়া কঠিন হয়ে পড়বে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না।”

পুরনো খবর:

সিভিল সার্জন গণমাধ্যমের কাজে কেন বাধা দিতে চায়, প্রশ্ন জাপার
গণমাধ্যমে কথা বলতে মানা ঢাকার সিভিল সার্জনের