২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীতে মানসিক চাপ বেড়েছে ৬৩% তরুণের: জরিপ

কোভিড-১৯ মহামারীর এই সময়ে তরুণদের মধ্যে মানসিক চাপ এবং বিষণ্ণতা ৬০ শতাংশেরও বেশি বেড়ে গেছে বলে এক জরিপে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 09:23 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বেসরকারি সংস্থা ‘আঁচল ফাউন্ডেশন’ তাদের জরিপে তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের এই চিত্র তুলে ধরে।

জরিপে দেখা যায়, মোট ৬৩ দশমিক ৫ শতাংশ তরুণ-তরুণী বলছেন, করোনাভাইরাস মহামারীর সময়ে তাদের মানসিক চাপ আগের চেয়ে বেড়েছে।

এদের মধ্য ৩৪ দশমিক ৯ শতাংশ বলছেন, এই চাপ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে আবার ২৮ দশমিক ৬ শতাংশের ধারণা, এই চাপ করোনাভাইরাসের সময়ে সামান্য বেশি।

১৮ দশমিক ১ শতাংশ জানিয়েছেন, মানসিক চাপ আগের মতোই রয়েছে। তবে বাকি ১৮ দশমিক ৪ শতাংশ বলছেন, তাদের মানসিক চাপ আগের চেয়ে কমেছে।

গত জুনের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত সারাদেশে ২ দুই হাজার ২৬ জন তরুণ-তরুণীর ওপর ‘আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক ওই জরিপ চালানো হয়। জরিপে ১ হাজার ২৯৩ জন ছিলেন নারী, ৭৩১ জন পুরুষ এবং বাকি দু’জন তৃতীয় লিঙ্গের।

প্রকাশিত ওই জরিপে গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে বিষণ্ণতায় ভুগছেন ৬১ দশমিক ২ শতাংশ তরুণ-তরুণী।

এসব তরুণের মধ্যে ৫৫ দশমিক ৭ শতাংশ বলেছেন, বিষণ্ণতার কথা কাছের মানুষকে জানাতে পেরেছেন। বাকি ৪৪ দশমিক ৩ শতাংশ বিষণ্ণতা বা মানসিক অস্থিরতা প্রকাশের জন্য কাউকে পাশে পাননি।

তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও জানার চেষ্টা করেছেন গবেষকরা। জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি বলেছেন, জীবনের কোনো না কোনো সময়ে আত্মহত্যার চিন্তা করেছেন।

এদের মধ্যে মহামারীর সময়েই আত্মহত্যা করার কথা ভেবেছেন ২১ দশমিক ৩ শতাংশ তরুণ-তরুণী। ৩৮ দশমিক ১ শতাংশ মানুষ আত্মহত্যার কথা চিন্তা করেছেন, তবে আত্মহত্যার চেষ্টা করেননি।

প্রতিবেদনে জানানো হয়, ৮ দশমিক ৩ শতাংশের মাথায় আত্মহত্যার চিন্তা এসেছে, তারা আত্মহত্যার উপকরণও প্রস্তুত করেছেন কিন্তু শেষে পিছিয়ে এসেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৩ দশমিক ৭ শতাংশ বলেছেন, আত্মহত্যার চেষ্টা তারা করেছেন, তবে তাতে বিফল হয়েছেন।

সংবাদ সম্মেলনে তরুণদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরামর্শ দিয়ে আঁচল ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যুগপৎভাবে কৌশলী ভূমিকা পালন করতে হবে।

“ব্যক্তির যেমন সচেতন হওয়া জরুরি, তেমনি পরিবারেরও বড় ধরনের ভূমিকা রয়েছে সন্তানকে মানসিক ট্রমার হাত থেকে বাঁচাতে। সমাজেরও দায়িত্ব হচ্ছে কেউ যেন নিগৃহীত, বৈষম্যের শিকার না হয়।”

একই সঙ্গে তরুণদের পাওনা সব ধরনের অধিকার নিশ্চিত করে তাদের পরিপূর্ণভাবে তৈরি করতে রাষ্ট্রকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মনোবিদ এবং ‘প্লে থেরাপিস্ট’ মোস্তাক ইমরান বলেন, “আমরা বুঝতে পারছি করোনাভাইরাসে তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি উদ্বেগজনক হারে বেড়েই চলেছে।

“দিনের অধিকাংশ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার ফলে শিক্ষার্থীদের ঘুম কম হচ্ছে, বিষণ্ণতা ও হতাশা বাড়ছে, আত্মহত্যার হারও বাড়ছে।”

এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের এবং তাদের পরিবারের মনোসামাজিক সহায়তা বা কাউন্সেলিং সেবা নিশ্চিত করার কথা বলেন এই মনোবিদ।

পুরনো খবর:

করোনাভাইরাস: মানসিক চাপ দূরে রাখতে দরকার সচেতনতা
বিষণ্নতা ও স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ায় কোভিড: গবেষণা