গৃহকর্মী নির্যাতন: রিমান্ড শেষে কারাগারে গৃহকর্ত্রী
রাজধানীর ভাটারায় ১৪ বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী মাহফুজা রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদ-উর রহমান জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগের দিন একই মামলায় তার স্বামী ব্যাংক কর্মকর্তা আসাদুর রহমান আরিফকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় আরেক আদালত।
বুধবার এই মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল হোসেন আসামি মাহফুজা রহমানকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাফাত আরা সুলতানা।
পরে শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন এসআই রাফাত।
গত ৪ জুলাই মাহফুজা রহমানের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ১ জুলাই ওই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে তার বোন ফাতেমা বেগম ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় আরিফ এবং তার স্ত্রী মাহফুজাকে আসামি করা হয়।
২০২০ সালের ১২ নভেম্বর রাজধানীর ভাটারায় আরিফের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে নির্যাতিত মেয়েটি।
মামলার এজাহারে বলা হয়, কাজে সামান্য ভুল হলেই তাকে লাঠি দিয়ে মারধর, প্লাস দিয়ে মাথার চুল টানা, গায়ের ওপর গরম পানি ঢেলে দেওয়া, গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ নানা ধরনের নির্যাতন করতেন মাহফুজা।
সর্বশেষ ১৫ জুন ঘর পরিষ্কার করতে দেরি হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি গরম পানি দিয়ে তার শরীর ঝলসে দেওয়া হয় এবং চুলায় রড গরম করে তার পায়ে চেপে ধরা হয়।
নির্যাতিতের শরীরে মুখ, হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। পরে অসুস্থতার কথা বলে ৩০ জুন কুলসুমকে তার বড় বোনের বাসায় রেখে যান আরিফ।
