গৃহকর্মী নির্যাতন: রিমান্ড শেষে কারাগারে ব্যাংক কর্মকর্তা আরিফ
রাজধানীর ভাটারায় ১৪ বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বেসরকারিব্যাংকের কর্মকর্তা আসাদুর রহমান আরিফকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ভাটারা থানার নারী ও শিশু আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই রাফাত আরা সুলতানা সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল হোসেন আসামি আরিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
২ জুলাই আসাদুর রহমান আরিফকে দুই দিনের রিমান্ডে পাঠান বিচারক।এরপর রোববার তার স্ত্রী মাহফুজা রহমানকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের জন্য পুলিশ হেফাজতে দেওয়া হয়।
১ জুলাই নির্যাতনের অভিযোগে কিশোরী গৃহকর্মীর বড় বোন ফাতেমা বেগম ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ভাটারা এলাকার আসাদুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে ভিকটিম।কাজে সামান্য ভুল-ত্রুটি হলেই ভিকটিমকে লাঠি দিয়ে মারধর, প্লাস দিয়ে মাথায় আঘাত করা, চুল টানা, গায়ের ওপর গরম পানি ঢেলে দেয়া, গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়াসহ নানা ধরনের অমানুষিক নির্যাতন করতেন মাহফুজা।
সর্বশেষ ১৫ জুন ঘর পরিষ্কার করতে দেরি হওয়ায় তাকে বেধড়ক মারধর করেন আরিফ ও মাহফুজা। এমনকি গরম পানি দিয়ে তার শরীর ঝলসে দেয়া হয় এবং গ্যাসের চুলায় রড গরম করে তার পায়ে চেপে ধরা হয়।এছাড়া, ভিকটিমের মুখ, হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।
পরে অসুস্থতার কথা বলে ৩০ জুন নির্যাতিতাকে তার বড় বোন ফাতেমা আক্তারের বাসায় রেখে আসেন আসাদুর রহমান আরিফ।
