২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর লকডাউন: ষষ্ঠ দিনে ঢাকায় গ্রেপ্তার ৪৬৭, হাজার গাড়িকে জরিমানা

করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউনে রাজধানীতে চলাচল অনেক বেড়ে যাওয়ার মধ্যে ‘অপ্রয়োজনে’ ঘরের বাইরে আসার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ৪৬৭ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2021, 08:37 PM

Updated : 07 Apr 2022, 11:19 PM

মঙ্গলবার কঠোর লকডাউনের ষষ্ঠদিনে পুলিশের হাতে আটক হওয়া ছাড়াও ৩০৫ ব্যক্তি এবং এক হাজার ৮৭টি গাড়িকে জরিমানা করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়েছে।

একদিনে সর্বোচ্চ সাড়ে ১১ হাজার মানুষ আক্রান্ত হওয়ার দিনে সংক্রমণ রোধে লকডাউনের বিধিনিষেধ ভাঙার অভিযোগে ঢাকার বিভিন্ন স্থানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার এবং জরিমানা করা হয়।

ডিএমপির বার্তায় বলা হয়, লকডাউনের মধ্যে মঙ্গলবারও পুলিশ যথারীতি মাঠে দায়িত্ব পালন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএমপির বার্তায় বলা হয়, এদিন বিভিন্ন স্থানে ৩০৫ জনকে মোট দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯হাজার ২৫ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, কঠোর লকডাউনের মধ্যে ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার ২০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিন র‌্যাবের পক্ষ থেকে প্রায় সাড়ে তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।

এছাড়া ইউনিটটি সারাদেশে ১৯১টি টহল ও ২০৭টি চেকপোস্ট পরিচালনা করে।

১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণার পর সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব মাঠে বিধিনিষেধ প্রতিপালনে কাজ করছে।

পুরনো খবর:

‘কঠোর লকডাউনের’ পঞ্চম দিনে ঢাকায় গ্রেপ্তার ৫০৯