থানায় নারী আসামিকে নির্যাতনের বিচার দাবি ২২ নাগরিকের
বরিশালের উজিরপুর থানায় এক নারী আসামিকে নির্যাতনের অভিযোগ উঠার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষিদের শাস্তি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ২২ নাগরিক।
উজিরপুরের ওই ঘটনা প্রকাশের পর সোমবার এক বিবৃতিতে তারা এই দাবি জানান।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধিকারকর্মী সুলতানা কামাল, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, এক নারী আসামিকে থানায় রিমান্ডে নিয়ে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠলে পরে আদালতের নির্দেশে হাসপাতালের রিপোর্টেও ঘটনার সত্যতা পাওয়া যায়, যা গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।
“এমন ঘটনায় দেশের নাগরিক হিসেবে আমরা প্রচণ্ডরূপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করাসহ থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করে দ্রুততম সময়ে আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি।”
বরিশালে নারী আসামিকে নির্যাতনের এ ঘটনায় দুই ধরনের অপরাধ দৃশ্যমান হয়েছে বলে বিবৃতিদাতারা মনে করেন।
“এখানে একদিকে থানা হেফাজতে শারীরিক নির্যাতন, অপরদিকে উক্ত নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।”
এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি যারা রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে আড়াল করতে চায় কিংবা গোপন অথবা অস্বীকার করতে চায় কিংবা মিটমাট করে ফেলতে চায় বা করে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ, তা না হলে বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকারের বিপন্নতা রোধ করা যাবে না।”
এই ঘটনার তদন্ত পুলিশকে দিয়ে করালে তা নিরপেক্ষ হবে না বলে মনে করছেন এই নাগরিকরা। সেজন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিতে সার্বিক অবস্থা নিয়ে বলা হয়, সামগ্রিকভাবে দেশ পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনা এটিই প্রথম নয় এবং এ ধরনের ঘটনায় সব ক্ষেত্রে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের নজিরও খুব একটা নেই।
“আমরা মনে করি, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংশোধনী ২০০৩ ও ২০১৮) এর আওতায় অপরাধীর পৃথক বিচার অনুষ্ঠিত হতে পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে, ভিন্ন ভিন্ন অপরাধের দায়ে ভিন্ন ভিন্ন আইনে অপরাধীর বিচারের সুযোগ রয়েছে এবং বাংলাদেশে এ ধরনের বিচারের নজিরও রয়েছে।”
