সড়কের প্রকল্পে কত বিদেশি কাজ করছে, জানতে চায় সংসদীয় কমিটি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্পে কতজন বিদেশি কাজ করছে, তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ বিষয়ে কমিটির কাছে তথ্য উপস্থাপনের জন্য বলা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কোন কোন প্রকল্পে কয়টি বিদেশি প্রতিষ্ঠান কাজ করছে এবং সেখানে কতজন বিদেশি কর্মরত রয়েছে, তা কমিটি জানতে চেয়েছে। কমিটির আগামী বৈঠকে এর তালিকা উপস্থাপন করতে বলা হয়েছে।”
পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে অনেক বিদেশি। ফাইল ছবি
কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এনামুল হক ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য হাসিবুর রহমান স্বপন, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন ও রাবেয়া আলীম।
বৈঠকে, সড়ক ও মহাসড়কের গতিরোধক বা স্পিড ব্রেকার অপসারণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে নীতিমালা তৈরি করে ইজিবাইককে রেজিস্ট্রেশনের আওতায় আনার সুপারিশ করা হয়।
এ বিষয়ে এনামুল হক বলেন, “বিশেষ করে ইলেকট্রিক বা ব্যাটারিচালিত যানগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য কমিটি জোর দিয়েছে। ব্যাটারিচালিত যানগুলো পরিবেশবান্ধব। আমাদের বিদ্যুৎ উৎপাদন ভালো। জ্বালানি তেলের উপর চাপ কমাতে এই যানগুলোকে নিবন্ধনের আওতায় আনা দরকার। এতে রাজস্বও বাড়বে।
“মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ লক্ষ্যে আইন সংশোধনের কাজ করছে। শিগগিরই সংষদে সেটা তোলা হবে।”
বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন এবং বাংলদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা আধুনিকায়নের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
বিআরটিএর সেবা আধুনিকায়নে সকল দুর্নীতি রোধ, বিআরটিএর শূন্যপদের সংখ্যা, শূন্যপদ পূরণের পদক্ষেপ গ্রহণ বিষয়ে একটি প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনের জন্য বলা হয়েছে।
কমিটির সদস্য এনামুল বলেন, “বিআরটিএ যাতে আরও আধুনিকভাবে সেবা দিতে পারে সেজন্য কমিটি পরের বৈঠকে ওসব তথ্য চেয়েছে। তারা সবসময় বলে তাদের জনবল কম। এজন্য কমিটি বলেছে জনবলের বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরে যাতে একটি প্রতিবেদন দেওয়া হয়।”
