পাটের পলিব্যাগ পেতে ‘আরও ১ বছর’
পাট থেকে বায়োডিগ্রেডেবল পলিব্যাগ পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বুধবার বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের ৫৪তম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী একথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন
“কিছু সীমাবদ্ধতার কারণে এখনও পাট হতে বাজারজাতকরণের মতো বায়োডিগ্রেডেবল পলিথিন প্রস্তুত করা সম্ভব হয়নি। উদ্ভাবক ২০২২ সালের জুনের মধ্যেই এটা করতে সক্ষম হবেন বলে মত প্রকাশ করেছেন।”
পাটের পলিব্যাগ প্রচলন করতে পারলে দেশের পরিবেশ সংরক্ষণে ‘এক নতুন দিগন্ত উন্মোচিত হবে’ বলে মন্তব্য করেন মন্ত্রী।
পাটের আঁশ থেকে পলিমার তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক মোবারক আহমদ খান।
দুই দশক ধরে পাটের বাণিজ্যিক ব্যবহার নিয়ে গবেষণা করা এই বিজ্ঞানীকে ২০১৫ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক দেয়।
জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের সভায় পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০২০ সাল পর্যন্ত তিন হাজার ৩৬২ কোটি ৩২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৭৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে গৃহীত এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যাদের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত ছিলেন।
