২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চেইন ‘ছিনতাই’, ধরা পড়ে ‘গিলে’ ফেললেন

রাজধানীর বাংলামোটর এলাকার সড়কে বুধবার বিকেলে এক নারী আইনজীবীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে বাসে উঠে পড়েন এক ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2021, 09:44 PM

Updated : 02 Aug 2022, 05:55 PM

উপস্থিত লোকজন ওই ছিনতাইকারীকে বাস থেকে নামিয়ে ধরে ফেলেন। এসময় পুলিশ সেখানে গিয়ে মোঃ মামুন (২৫) নামে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

টানা হেঁচড়ার এক ফাঁকে মামুন ছিনতাই করা চেইনটি গিলে ফেলেন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্জয় বড়াল।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “এরিকা নামে একজন নারী আইনজীবী হাইকোর্ট থেকে কাজ শেষে ব্যক্তিগত কার চালিয়ে মিরপুরের বাসায় যাচ্ছিলেন।

“শাহবাগ হয়ে বাংলামটরের দিকে যাওয়ার সময় রাস্তায় হালকা যানজটে পরে। এ সময় গাড়ির জানালার কাঁচ তোলা ছিল। খোলা জানালা দিয়ে হঠাৎ এরিকার গলায় থাকা স্বর্নের চেইনটি টান দিয়ে নিয়ে দৌড়ে সামনের একটি চলন্ত বাসে উঠে পরেন এক ব্যক্তি।“

পেছন থেকে চিৎকার শুনে লোকজন মামুনকে ধরে ফেলেন জানিয়ে ওই খানে দায়িত্ব পালন করা এই পুলিশ কর্মকর্তা বলেন, “লোকজনের সহায়তায় পুলিশ ছিনতাইকারীকে হেফাজতে নেয়। কিন্তু তখন স্বর্ণের চেইনটি গিলে ফেলেন ওই ব্যক্তি।“

পরে পুলিশের গাড়িতে করে ছিনতাইকারী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর জানান, ধাতব চেইনটি মামুনের পাকস্থলীতে রয়েছে। পরে তাকে হাসপাতাল থেকে থানা হাজতে নিয়ে রাখে পুলিশ।

আরও পড়ুন-

ফোন ছিনতাইকারী শিগগিরই ধরা পড়বে, আশা পরিকল্পনামন্ত্রীর

চার মাসে ৩ বার গ্রেপ্তার ‘পেশাদার ছিনতাইকারী

লন্ডনে পড়াশোনা শেষে ফিরে ‘কিশোর গ্যাংয়ের’ পৃষ্ঠপোষক, টঙ্গীতে গ্রেপ্তার ১২  

প্রথমে ভাড়া করেন মাইক্রোবাস-প্রাইভেটকার, পরে ছিনতাই করেন তারা