এলএসডিসহ গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থী কারাগারে
এলএসডি জব্দের ঘটনায় গ্রেপ্তার করা পাঁচ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এই আদেশ দেন।
কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন- সিরাজুস সালেকীন ওরফে তপু, এসএম মনওয়ার আকিব ওরফে আনান, নাজমুস সাকিব, সাইফুল ইসলাম ওরফে সাইফ ও নাজমুল ইসলাম।
এলএসডি-মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাই জব্দের ঘটনায় খিলগাঁও থানায় দায়ের করা মামলায় গত ৩১ মে এই পাঁচ শিক্ষার্থীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রোববার রিমান্ড শেষে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক বদরুল আল আমিন।
আসামিপক্ষে আবুল হোসেন কামরুজ্জামান কামালসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করে জামিন চান।
শুনানি শেষ বিচারক শিক্ষার্থীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু রহস্যের তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপরই সামনে আসে এলএসডির বিষয়টি।
প্রযুক্তির সহযোগিতায় এই ঘটনায় সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা জানান, এলএসডি সেবনের পর হাফিজুর অস্বস্তিতে ভুগতে থাকেন। একপর্যায়ে টিকতে না পেরে তিনি নিজেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চলে যান। তবে হাসপাতালে যাওয়ার আগেই এক ডাব বিক্রেতার কাছ থেকে ধারালো অস্ত্র নিয়ে গলায় আঘাত করেন।
এই কারণেই তিনি মৃত্যুবরণ করেন বলে তদন্তে উঠে আসে।
ওই তিন শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ মে রাতে খিলগাঁও থেকে ‘ভয়ঙ্কর’ এই মাদক এলএসডি বিক্রির সময় মো. সাইফুল ইসলাম ওরফে সাইফ, এস এম মনওয়ার আকিব ওরফে আনান, মো. নাজমুস সাকিবকে গ্রেপ্তার করা হয়।
তিনজনের শরীর তল্লাশি করে এলএসডি ও আইস উদ্ধার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ভাটারা থানাধীন বারিধারা চৌধুরী লাউঞ্জে অভিযান চালিয়ে নাজমুল ইসলাম ও বিএম সিরাজুস সালেকিন তপুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বনানী থানাধীন মহাখালী টিভি গেট এলাকায় কানিজ ফতেমা বিবির বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এলএসডি উদ্ধার করা হয়।
এই ঘটনায় খিলগাঁও থানার এসআই এসএম মানসুরুল করিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন
