এলএসডিসহ গ্রেপ্তার ৫ ছাত্র রিমান্ডে
বাংলাদেশে এলএসডি কোথা থেকে কীভাবে আসে, কীভাবে বিক্রি হয়, সে সম্পর্কে জানতে গ্রেপ্তার পাঁচ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
গ্রেপ্তার এই শিক্ষার্থীদের সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা।
তিনি তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য হেফাজতে রাখার আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম আতিকুল ইসলাম পাঁচ দিন রিমান্ডের নির্দেশ দেন বলে
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আশ্রাব আালী।
পাঁচ আসামি হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফ (২০), এসএম মনওয়ার আকিব ওরফে আনান (২০), মো. নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন ওরফে তপু (২৪)।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটনার তদন্তে নেমে এলএসডি নামের মাদকের সন্ধান পায় পুলিশ।
লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড মাদক মহলে এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়।
এলএসডি ব্লট। ফাইল ছবি
তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আগেই গত শনিবার আরও পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাইফুল, আনান ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাদের কাছে ৫টি এলএসডি মিশ্রিত ব্লট পেপার পাওয়া যায়।
এরপর ভাটারা থানার বারিধারা চৌধুরী লাউঞ্জে অভিযান চালিয়ে নাজমুল ও সালেকীনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ৪টি এলএসডি মিশ্রিত ব্লট পেপার পাওয়ার কথা জানায় পুলিশ।
পরে মহাখালীর টিভি গেইট এলাকায় নাজমুলের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে ৪টি এলএসডি মিশ্রিত ব্লট পেপার, এলএসডি বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা, ১০০ মার্কিন ডলার, নেশাদ্রব্য আইস উদ্ধারের কথা পুলিশ জানায়।
