সাংবাদিক রোজিনাকে ‘হেনস্তা’র প্রতিবাদ জগন্নাথ শিক্ষক সমিতির
সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে 'হেনস্তা' এবং মামলা দিয়ে 'হয়রানি'র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে শিক্ষক সমিতির এক বিবৃতিতে।
সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে সোমবার রোজিনাকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।
রোজিনার বিরুদ্ধে সরকারি গোপন নথি ‘চুরির চেষ্টা’ এবং ‘ছবি তোলার’ অভিযোগ আনা হয়েছে। তবে তিনি কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন। বরং তাকে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শামীমা বেগম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী সাংবাদিক রোজিনা ইসলাম তার মোবাইল ফোনের মাধ্যমে গোপনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির ছবি তুলছিলেন।
“কিন্তু রাষ্ট্রীয় স্পর্শকাতর নথি সচিবের একান্ত সচিবের কক্ষ, যেখানে দর্শনার্থীরা অপেক্ষা করেন; সেখানে ফেলে রাখা দায়িত্ব ও কর্তব্যে অবহেলার শামিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা হয় দায়িত্বে অবহেলা করেছেন অথবা তাদের দাবি বিশ্বাসযোগ্য নয় বলে জনমনে ধারণার সৃষ্টি হয়েছে।”
বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলামকে দীর্ঘক্ষণ আটকে রাখাকে ‘মানবাধিকারের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আইনগত সুরক্ষা দেওয়ার দাবিও জানানো হয়েছে শিক্ষক সমিতির বিবৃতিতে।
