সাংবাদিক রোজিনাকে 'হেনস্তা'র প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির
সচিবালয়ে পেশাগত দ্বায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে 'হেনস্তা' এবং মামলা দিয়ে 'হয়রানি'র ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের আইনগত সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিতের পাশাপাশি মুক্ত গণমাধ্যমের পরিপন্থি সব প্রতিবন্ধকতা অপসারণের আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।
সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে সোমবার রোজিনাকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।
রোজিনার বিরুদ্ধে সরকারি গোপন নথি ‘চুরির চেষ্টা’ এবং ‘ছবি তোলার’ অভিযোগ আনা হয়েছে। তবে তিনি কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন। বরং তাকে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
এই ঘটনার নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেন, "সমাজের যে কোনো অসঙ্গতি তুলে ধরাই গণমাধ্যমের কাজ। আর পেশাগত দায়িত্বপালনে ত্রুটি-বিচ্যুতি হলে রাষ্ট্রের প্রচলিত আইনানুসারে সুরাহা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু সাংবাদিক রোজিনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও অসুস্থ হওয়ার পরও সচিবালয়ের মত রাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক দপ্তরে দীর্ঘসময় ধরে আটকে রেখে মানসিকভাবে নির্যাতনের ঘটনা চরম অপেশাদারিত্ব, কর্তৃত্ববাদী ও অসৌজন্যমূলক মনোভাবের চরম বহিঃপ্রকাশ।
“এ ঘটনা সাধারণ মানুষের কাছে এবং বহির্বিশ্বে বাংলাদেশে গণমাধ্যমের বিদ্যমান স্বাধীনতা সম্পর্কে একটি ভুল বার্তা দিচ্ছে। আমরা আশা করব, সরকার তার গৃহীত পদক্ষেপের মাধ্যমে এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে প্রমাণ করবেন।”
এ ধরনের ঘটনা সরকারকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়,"সমাজের সুষম উন্নয়নের স্বার্থে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশার মানুষের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক বজায় থাকা বাঞ্ছনীয়।
“কিন্তু আমলাতন্ত্রের কতিপয় ব্যক্তির অদক্ষতা, অপেশাদারিত্ব ও কর্তৃত্ববাদী আচরণের কারণে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মরত অনেকের মধ্যে নানা সময়ে ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে। এই ধরনের পরিস্থিতি সরকারকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কিনা। খতিয়ে দেখা উচিত।"
ঢাবি সাংবাদিক সমিতির প্রতিবাদ
এদিকে রোজিনা ইসলামকে 'হেনস্থায়' জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
বুধবার সংগঠনের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরের এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে সাংবাদিক সমিতির নেতারা বলেন," রোজিনা ইসলামের মতো একজন স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিককে হেনস্তা ও হয়রানির ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার জন্য এক অশনি সংকেত।
সাংবাদিক সমিতি এই ন্যক্কারজনক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছে।
একইসঙ্গে সমিতি রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছে।
আরও পড়ুন:
