২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে গমনেচ্ছুদের সাবধান করল ধর্ম মন্ত্রণালয়

এ বছর হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2021, 10:20 PM

Updated : 02 Aug 2022, 05:43 PM

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর হজ গমনেচ্ছুদের অন্তর্ভুক্ত করবেন বলে একটি অসাধু চক্রের অর্থ গ্রহণ সংক্রান্ত প্রতারণার ঘটনা মন্ত্রণালয়ের নজরে এসেছে।

“বিষয়টি অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে মনে করে মন্ত্রণালয়।”

২০২১ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাকনিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিদের এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করেছে।

পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার পরামর্শও দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর বাইরের কোনো দেশ থেকে হজে যাওয়ার অনুমতি দেয়নি সৌদি আরব সরকার।

এ বছর হজে যেতে ইচ্ছুকদের কোভিড-১৯ টিকা নিয়ে নিতে সৌদি আরব থেকে বলা হলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

ধর্ম মন্ত্রণালয় ইতোপূর্বে জানিয়েছিল, হজে যেতে দেশে প্রায় ৬১ হাজার জনের নিবন্ধন রয়েছে। সৌদি আরব ঘোষণা দিলে তাদের পাঠাতে সরকার প্রস্তুত রয়েছে।