২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালির উদযাপনে নরেন্দ্র মোদী

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ে সঙ্গী ছিল ভারত, সেই বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শামিল হলেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2021, 04:55 PM

Updated : 10 Oct 2022, 05:51 PM

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দশ দিনের অনুষ্ঠানমালার শেষ দিন শুক্রবার বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি হয়ে।

বিকাল সাড়ে ৪টায় মোদী জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানস্থলে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তাকে স্বাগত জানান।

এরপর ছায়ানটের জাতীয় সংগীতের মধ্য দিনে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিরা মঞ্চে এলে পাঠ করা হয় ধর্মগ্রন্থ থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেবেন প্রধান অতিথির বক্তব্য।

দুই দিনের সফরে শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে ঢাকায় পৌঁছান নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভারতীয় প্রধানমন্ত্রী। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাঙালির স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে তিনি কিছু সময় নীরবতা পালন করেন।

পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ভারতের প্রধানমন্ত্রী।