সফর শেষে দেশের পথে নেপালের প্রেসিডেন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিয়ে দুদিনের সফর শেষে ফিরে গিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নেপাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। শাহজালাল আন্তর্জার্তিক বিমান বন্দরে নেপালের প্রেসিডেন্টকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুদিনের সফরে সোমবার ঢাকা পৌঁছান প্রেসিডেন্ট ভাণ্ডারী। নেপালের কোনো প্রেসিডেন্টর এটাই প্রথম বাংলাদেশ সফর।
সফরের প্রথম দিন ঢাকায় পৌঁছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যা দেবী ভাণ্ডারী। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে তিনি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ছবি: পিআইডি
মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেপালের প্রেসিডেন্ট। ঢাকায় নেপাল দূতাবাসের একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেন।
