জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উপহার দিল চীন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উপহার দিয়েছে চীন।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার গণভবনের সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পিতলের তৈরি ভাস্কর্যটি তুলে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে এক লাখ ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ভাস্কর্য দেওয়ায় চীন দূতাবাসের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।
