বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: সংসদ সচিবালয়ের কর্মীদের প্রতিবাদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং তাকে ‘অবমাননার’ প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সংসদ সচিবালয়ের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী জাতীয় পতাকা হাতে নিয়ে দক্ষিণ প্লাজার পাশে জড়ো হন। এরপর মিছিল করে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে তারা মানবন্ধন করেন।
বাংলাদেশ সংসদ সচিবালয় কর্মকর্তা/কর্মাচারী ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।
মুজিববর্ষে ঢাকার ধোলাইড়পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা শুরু করেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের জোট হেফাজতে ইসলামের নেতারা।
হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক ভাস্কর্য তৈরি করা হলে তা ‘বুড়িগঙ্গায় ফেলার’ হুমকি দেন। এরপর চট্টগ্রামে এক ধর্মীয় সভায় হেফাজত আমির জুনাইদ বাবুনগরী যে কারও ভাস্কর্য তৈরি করা হলে ‘টেনেহিঁচড়ে’ ভেঙে ফেলার হুমকি দেন।
এর মধ্যেই কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়। পরে স্থানীয় একটি মাদ্রাসার দুই ছাত্র এবং দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান মানববন্ধনে বলেন, “১৯৭৫ সালে একবার ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এখন দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে, তখন আবার ষড়যন্ত্র করছে, মানুষকে বিভ্রান্ত করছে।
“আমরা চুপ করে থাকব না। এদের অবশ্যই রুখে দিতে হবে। শুধু আইন দিয়ে নয়, এই কুচক্রী ষড়যন্ত্রকারীদের রুখতে আমরা রাস্তায় নেমেছি। বঙ্গবন্ধুকে অবমাননা মানে দেশকে অবমাননা, মুক্তিযুদ্ধকে অবমাননা। আমরা সরকারি কর্মচারী, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অবস্থান।”
সংসদ সচিবালয় ছাড়াও গণপূর্ত বিভাগ, সোনালী ব্যাংক (সংসদ সচিবালয় শাখা), নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, মেডিকেল সেন্টারে কর্মরতরাও মানববন্ধনে অংশ নেন।
অন্যদের মধ্যে সচিবালয় কর্মকর্তা/কর্মাচারী ফোরামের সভাপতি কিবরিয়া মজুমদার, সহকারী পরিচালক তানজিনা তানীন, কম্পিউটার অপরাটের আবুল খায়ের উজ্জ্বল মানবন্ধনে বক্তব্য দেন।
