১৬ ডিসেম্বর ১৯৭১: আব্বাসের ক্যামেরা ও কয়েকটি ছবি
বিখ্যাত বললে কম বলা হয়; আব্বাস আত্তারকে অনেকে বলেন ওয়ার ফটোগ্রাফারদের 'গডফাদার'। শুধু আব্বাস নামেই তাকে সবাই চেনেন। ফ্রান্স প্রবাসী এই ইরানি আলোকচিত্রী অর্ধ শতকের বেশি সময় ধরে বিশ্বময় ছুটে বেড়িয়েছেন রণাঙ্গন থেকে রণাঙ্গনে। বাংলাদেশের জন্ম মুহূর্তের ছবিও ধারণ করেছে তার ক্যামেরা।
১৯৭১ সালেও পূর্ব পাকিস্তানের চেয়ে ভিয়েতনাম বরং ‘আকর্ষণীয়’ ছিলো অনেক আলোকচিত্র সাংবাদিকের কাছে। যে কজন ভিন্নমতের, তাদের একজন আব্বাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে তিনি পাকিস্তানে আসেন।
প্রথম দিকে পাকিস্তানিরা প্রেস ফটোগ্রাফারদের খুলনা-যশোরের দিকে নিয়ে যেত ‘ভারতীয়দের আগ্রাসনের প্রমাণ’ দেখাতে; ভারতীয় সেনাদের মৃতদেহের ছবি তোলাত।
ডিসেম্বরের শুরুতে ছবিটা পাল্টে গেল। আব্বাসের লক্ষ্য ঢাকার মুক্তিযোদ্ধা। কিন্তু তারা ক্যামেরায় ধরা দিতে নারাজ। যুদ্ধের শেষ পর্যায়ে এসে প্রকাশ্য হতে চাননি তারা।
সেদিন ১৬ ডিসেম্বর। অন্যদের মত আব্বাস হোটেল ইন্টারকনের প্রাঙ্গণে ঘুরোঘুরি করছেন। শহরজুড়ে একটাই খবর- মিত্রবাহিনী ঢুকে পড়েছে শহরে, আত্মসমর্পণের বেশি দেরি নেই।
এখানে ওখানে ‘জয় বাংলা’ ধ্বনি শোনা যাচ্ছে। একটু পর সে স্লোগান বেড়ে গেল। আব্বাস দেখলেন, ভারতীয় সেনাবাহিনীর একটি জিপ দেখা যাচ্ছে। এগিয়ে গিয়ে লিফট চাইলেন।
সেই গাড়িতে ছিলেন একজন লেফট্যানেন্ট কর্নেল। নাম কেএস পান্নু। তখনও আব্বাস জানেন না যার সঙ্গী হয়েছেন তার বীরত্বের গল্প।
অবশ্য প্রমাণ পেতে দেরি হয়নি। ফার্মগেইটের দিকে খানিকটা এগোতেই গাড়ির দিকে গুলি হল। জিপের সবাই লাফিয়ে মাটিতে শুয়ে পড়লেন; একজন বাদে, তিনি পান্নু।
অকুতোভয় এই ভারতীয় সেনা দুহাত তুলে এগিয়ে গেলেন দেয়ালের দিকে, যেখান থেকে গুলি এসেছে।
আব্বাসও লাফিয়ে উঠে সঙ্গী হলেন। তারও হাত তোলা, তবে ডান হাতে রাখা ক্যামেরায় শাটার টিপে চলেছেন।
একজন পাকিস্তানি মেজরের নেতৃত্বে একদল সেনা সেখানে অবস্থান নিয়ে ছিল। পান্নু তাদের বললেন, পূর্ব পাকিস্তানের কমান্ড আত্মসমর্পণ করেছে। ঢাকা শহর এখন মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে। গোলাগুলি না করে তারাও যেন আত্মসমর্পণে যোগ দেয়।
পাকিস্তানি মেজর তখন অধীনস্থদের সঙ্গে আলোচনা করলেন। কথা বললেন হেড কোয়ার্টারের সঙ্গে। তারপর নিশ্চিত হয়ে হাত মেলালেন পান্নুর সঙ্গে। ঘটনা শেষ হল কোনো বিপর্যয় ছাড়াই।
কে এই লেফট্যানেন্ট কর্নেল পান্নু?
কুলওয়ান্ত সিং পান্নুর নেতৃত্বে ভারতীয় সেকেন্ড প্যারাট্রুপার বাহিনী ১৯৭১ সালের ১১ ডিসেম্বর টাঙ্গাইলে এসে নামে। পুংলি ব্রিজ দখল এবং ঢাকার দিকে পালিয়ে আসা পাকিস্তানী ৯৩ বিগ্রেডকে বিপর্যস্ত করে টাঙ্গাইল দখল নেয়।
১৬ ডিসেম্বর বেলা ১০-৪৫ মিনিটে ঢাকায় ঢোকেন পান্নু ও তার বাহিনী। তার ভাষায়: “আই হ্যাভ ফাইভ কলামস মুভড আউট ইনটু পজিশনস ইন ঢাকা টেকিং কন্ট্রোল অব দি ক্যাপিটাল সিটি।”
সেদিন বেলা ১১টায় ঢাকায় আসেন ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জেএফআর জ্যাকব। আত্মসমর্পণের সব কিছু চূড়ান্ত করেন তিনি।
যুদ্ধে বীরত্বের জন্য পান্নুকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পদক মহাবীরচক্র দিয়ে সম্মানিত করা হয়।
